বার্লিন, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি বাহিনীর একটি ডেথ ক্যাম্পে ২৮ হাজার ইহুদি হত্যায় ভূমিকা রাখার জন্য দণ্ডপ্রাপ্ত জন ডেমজানজুক মারা গেছেন।
৯১ বছর বয়সী ডেমজানজুক শনিবার জার্মানির দক্ষিণাঞ্চলের একটি সেবা কেন্দ্রে মৃত্যুবরণ করেন বলে পুলিশ জানায়।
দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে নাৎসী অধিকৃত পোল্যান্ডের সোবিবর ডেথ ক্যাম্পে ইহুদি নিধনে সহায়তার জন্য গত বছর মে মাসে ইউক্রেন বংশোদ্ভূত ডেমজানজুককে পাঁচ বছরের কারাদণ্ড দেয় মিউনিখের একটি আদালত। তবে বেশি বয়সী হওয়ার কারণে দণ্ড থেকে মুক্তি পান তিনি।
ব্যাভারিয়ান পুলিশ এক বিবৃতিতে জানায়, শনিবার প্রথম প্রহরে মিউনিখের দক্ষিণের রোসেনহেইমের নিকটবর্তী একটি সেবা কেন্দ্রে মারা যান ডেমজানজুক।
যুদ্ধাপরাধের বিচারের মুখোমুখি করতে ২০০৯ সালে ডেমজানজুককে জার্মানির কাছে হস্তান্তর করে যুক্তরাষ্ট্র। জার্মানির সাবেক স্বৈরশাসক অ্যাডলফ হিটলারের নাৎসী আন্দোলনের সূতিকাগার মিউনিখের একটি আদালতে ১৮ মাস ধরে তার বিচার কার্যক্রম চলে।
আদালতের রায়ে বলা হয়, সোবিবর ডেথ ক্যাম্পের দ্বাররক্ষীর দায়িত্ব পালন করেন ডেমজানজুক। সেখানে হত্যাযজ্ঞে দ্বাররক্ষীদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।
ওই ডেথ ক্যাম্পে অন্তত আড়াই লাখ ইহুদিকে হত্যা করা হয় বলে ধারণা করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/পিডি/২২৪১ ঘ.
bdnews24