২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ায় আসাদবিরোধী বিদ্রোহের এক বছর

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে রক্তক্ষয়ী বিদ্রোহের এক বছর পূর্ণ হলো বৃহস্পতিবার।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2012, 08:24 AM

Updated : 25 Apr 2022, 09:08 PM

বৈরুত, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে রক্তক্ষয়ী বিদ্রোহের এক বছর পূর্ণ হলো বৃহস্পতিবার।

আন্তর্জাতিক অনেক কূটনৈতিক উদ্যোগ ও পশ্চিমা বিশ্বের চাপের মুখেও এখনো ক্ষমতা আঁকড়ে রয়েছেন প্রেসিডেন্ট আসাদ।

এদিকে বৃহস্পতিবার ভোরেও দামেস্কে গোলাগুলি ও বোমাবাজির শব্দ শোনা গেছে বলে জানিয়েছে বাশারবিরোধীরা। যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, শহরের মাঝামাঝি বাজার হতে একটি গাড়িবোমা বিস্ফোরিত হতে দেখা যায়।

বুধবারও সিরিয়ার হোমস শহরে বিদ্রোহীদের হামলায় শিশুসহ অন্তত ১৫ বেসামরিক মানুষ নিহত হয় বলে অভিযোগ করেছে সিরিয়ার সরকারি গণমাধ্যম। সংঘর্ষ অব্যাহত রয়েছে অন্যান্য শহরেও।

তবে সিরিয়ায় বিদেশি সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ করার ফলে দেশটির অভ্যন্তরে ঠিক কী ঘটছে তা নিশ্চিত করা সম্ভব হচ্ছে না।

স¤প্রতি জাতিসংঘ ও আরব লিগের প্রতিনিধি হিসেবে জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান একটি শান্তি প্রস্তাব উপস্থাপন করলেও তাতে সাড়া দেন নি বাশার আল আসাদ।

শুক্রবার এ বিষয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে প্রতিবেদন দেওয়ার কথা রয়েছে আনানের। পশ্চিমা দেশগুলো নেতৃত্বের পরিবর্তন চাইলেও প্রেসিডেন্ট বাশার আল আসাদকে সমর্থন দেওয়া অব্যাহত রেখেছে চীন ও রাশিয়া।

এদিকে বিদ্রোহ মোকাবেলায় ইরানের কাছ থেকে বাশার পরামর্শ গ্রহণ করেছেন বলে খবর বেরিয়েছে। বাশারের ই-মেইল থেকে এই খবর সংগ্রহের দাবি করেছে যুক্তরাজ্যের পত্রিকা গার্ডিয়ান।

সরকারবিরোধী বিক্ষোভ ফুঁসে ওঠার পর থেকে সিরিয়ায় ইতিমধ্যে আট হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে বলে মঙ্গলবার জানিয়েছেন এক জাতিসংঘ কর্মকর্তা। এছাড়া গত একবছরে প্রায় দুই লাখ ৩০ হাজার মানুষ বাড়িঘর ছেড়ে পালিয়েছে। অন্তত ৩০ হাজার মানুষ দেশ ছেড়েছে।

অন্যদিকে, সরকার দাবি করেছে এ পর্যন্ত অন্তত দুই হাজার সেনা সশস্ত্র বিরোধীপক্ষের হামলায় নিহত হয়েছে।

আসাদের সমর্থনকারীরা দেশের এই পরিস্থিতির জন্য পশ্চিমা দেশগুলোকে দায়ী করছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/সিআর/১৪১৮ ঘ.