কঙ্গো, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর বিদ্রোহী গ্র“পের যুদ্ধবাজ নেতা থমাস লুবাঙ্গা দাইলোকে দোষী সাব্যস্ত করেছে হেগ এর আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।
২০০২ ও ২০০৩ সালে দলে শিশু সেনা নিয়োগের অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করেছে।
১০ বছর আগে প্রতিষ্ঠার পর থেকে এটাই আইসিসি’র প্রথম রায়। পরবর্তীতে আরেকটি শুনানির পর লুবাঙ্গার সাজা ঘোষণা করা হবে।
কঙ্গোয় ২০০৩ সাল পর্যন্ত ৫ বছরের জাতিগত সংঘর্ষ চলাকালে বিদ্রোহী গ্র“প ‘ইউনিয়ন অব কঙ্গোলিজ প্যাট্রিয়টস’ (ইউপিসি) এর নেতৃত্ব দেন লুবাঙ্গা। ওই সংঘর্ষে নিহত হয়েছিলো ৬০ হাজার মানুষ।
ওই সময় শিশুদেরকে এমনকি ৯ বছরের শিশুকেও দেহরক্ষী, যৌনদাসী এবং যোদ্ধা হিসাবে দলে ভেড়ানোর অভিযোগ আছে তার বিরুদ্ধে।
আদালতে তিন বিচারকের বেঞ্চ সর্বসম্মত সিদ্ধান্তে জানিয়েছে, ইউপিসি নেতা লুবাঙ্গা ও তার সশস্ত্র শাখার বিরুদ্ধে ১৫ বছরের কম বয়সী শিশুদের সক্রিয়ভাবে দলে ভেড়ানোর অভিযোগের প্রমাণ পাওয়া গেছে।
২০০৫ সালে গ্রেপ্তার হওয়া লুবাঙ্গার বিরুদ্ধে যুদ্ধাপরাধের তিনটি অভিযোগ আছে। তার যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। তবে তিনি ৩০ দিনের মধ্যে সাজার বিরুদ্ধে আবেদনও করতে পারবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএম/এলকিউ/১৯০০ঘ.
bdnews24