আফগানিস্তান, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-আফগানিস্তানে বুধবার আকস্মিক সফরে গেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লিও প্যানেট্টা। তার দু’দিনের এ সফরের শুরুতেই কান্দাহার এবং হেলমান্দে বোমা হামলায় ৯ জন নিহত হয়েছে।
গত রোববার এক মার্কিন সেনার হাতে ১৬ আফগান নিহতের ঘটনা নিয়ে জনরোষ সামাল দেওয়ার যুক্তরাষ্ট্রের চেষ্টার মধ্যে প্যানেট্টা এ সফরে গেলেন। এ হত্যাকাণ্ড আফগানিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ক্ষুন্ন করবে না বলে ইতোমধ্যেই মন্তব্য করেছেন তিনি।
কিন্তু ওই ঘটনায় মার্কিন সেনাদের বিরুদ্ধে চরম ক্ষোভ দেখা দিয়েছে আফগানিস্তানে। মার্কিন সেনাদের শিরচ্ছেদ করার হুমকি দিয়েছে তালেবানরা। কান্দাহারে আফগান হত্যা ঘটনার তদন্ত কর্মকর্তাদের ওপরও ইতোমধ্যেই জঙ্গি হামলা হয়েছে।
এ উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই কান্দাহারে মটরসাইকেলে বেঁধে রাখা বোমা বিস্ফোরণে এক আফগান সেনা গোয়েন্দা নিহত এবং বেসামরিক নাগরিকসহ আরো ৩ জন আহত হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
তারা আরো জানান, হেলমান্দ প্রদেশেও রাস্তার ধারে পেতে রাখা বোমায় ৮ জন নিহত হয়েছে।
আফগানিস্তানে প্যানেট্টার সফর পূর্ব নির্ধারিত হলেও আফগান হত্যার ঘটনার পর সঙ্কটে পড়া দু’দেশের সম্পর্ককে আবার আগের অবস্থায় ফেরাতেই জরুরি ভিত্তিতে তিনি সেখানে গেলেন।
সফরকালে প্যানেট্টা আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইসহ অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।
দক্ষিণাঞ্চলীয় প্রদেশের প্রধান মেরিন সেনা ঘাঁটি ক্যাম্প লেদারনেক এর সেনাদের সঙ্গে তিনি ইতোমধ্যেই সাক্ষাৎ করেছেন।
সহিংসতা যত মর্মান্তিকই হোক তা কোয়ালিশন বাহিনী এবং আফগান বাহিনীর সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না বলে
মন্তব্য করেছেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএম/এলকিউ/১৮১০ঘ.
bdnews24