ঢাকা, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জন্মের চার মাস পর নাম পেল অভিষেক-ঐশ্বরিয়া দম্পতির মেয়ে।
দুদিন আগে ‘বেটি বি’র নাম ‘আরাধিয়া বচ্চন’ হিসেবে নিবন্ধন করা হয় বলে খবর প্রকাশ করেছে ইন্ডিয়া টাইমস।
সংস্কৃত শব্দ ‘আরাধিয়া’র অর্থ কোনো কিছুর জন্য সাধনা বা আরাধনা করা।
গত বছরের ১৬ নভেম্বর এ কন্যাসন্তান জন্ম দেন ঐশ্বরিয়া রাই।
বচ্চন পরিবারের এ শিশুর নাম রাখা নিয়ে অনেক কৌতূহল ও জল্পনা কল্পনা ছিল সবার মনে। এবার তার অবসান হলো।
ভাল নামের অভাবে এতদিন মিডিয়াতে ‘বেটি বি’ নামেই পরিচিত ছিল অমিতাভ বচ্চনের নাতনি। অমিতাভ তার সামাজিক যোগাযোগের সাইটে এ নামেই নাতনিকে পরিচয় করিয়েছিলেন।
একমাস আগে অভিষেক জানিয়েছিলেন, তারা তাদের মেয়ের নাম চূড়ান্ত করেছেন। খুব শিগগিরই তা জানানো হবে।
এর আগে গুজব ছড়িয়েছিল ‘বেটি বি’র নাম রাখা হয়েছে ‘আলিয়া’ এরপর ‘অভিলাষা’, যার কোনটিই ঠিক নয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/মাহমুদা/পিডি/১৯২৬ ঘ.
bdnews24