২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আসাদের উত্তরের অপেক্ষায় আনান

সিরিয়ায় সহিংসতা বন্ধের আহ্বান জানানোর পর প্রেসিডেন্ট বাশার আল আসাদের উত্তরের অপেক্ষায় রয়েছেন আরব লিগ ও জাতিসংঘের প্রতিনিধি কফি আনান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2012, 08:32 AM

Updated : 24 Aug 2022, 10:58 AM

বৈরুত, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ায় সহিংসতা বন্ধের আহ্বান জানানোর পর প্রেসিডেন্ট বাশার আল আসাদের উত্তরের অপেক্ষায় রয়েছেন আরব লিগ ও জাতিসংঘের প্রতিনিধি কফি আনান। এদিকে এ আহ্বান জানানোর পর মঙ্গলবার তুরস্কের সীমান্তের কাছাকাছি উত্তরের ইদলিব শহরে সেনা হামলা আরো বেড়েছে বলে জানিয়েছে বিদ্রোহীরা। বিদ্রোহীরা জানায়, ইদলিবে অতর্কিত বিভিন্ন হামলায় অন্তত ১০ জনকে হত্যা করে সেনাবাহিনী। এরপর তাদের মৃতদেহ একটি মসজিদের ভেতরে নিয়ে ফেলে রাখা হয়। এছাড়া সিরিয়ার তৃতীয় বৃহত্তম শহর পূর্বাঞ্চলের দির আল জরেও বাড়িঘরে সেনাবাহিনীর শেল হামলার খবর পাওয়া গেছে। ওদিকে দক্ষিণের দেরা শহরেও সরকারি বাহিনীর অন্তত ১২ সদস্যকে বিদ্রোহীরা হত্যা করেছে বলে জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। সিরিয়ায় গতবছর সরকারবিরোধী বিক্ষোভ ফুঁসে ওঠার পর থেকে আট হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে বলে মঙ্গলবার জানিয়েছেন এক জাতিসংঘ কর্মকর্তা। এছাড়া গত একবছরে প্রায় দুই লাখ ৩০ হাজার মানুষ বাড়িঘর ছেড়ে পালিয়েছে। অন্তত ৩০ হাজার মানুষ দেশ ছেড়েছে। পৃথকভাবে সিরিয়ার বিরুদ্ধে বিভিন্ন মানবাধিকার সংস্থা লেবানন ও তুরস্কের সীমান্ত বরাবর ভূমিমাইন পাতার অভিযোগও এনেছে বলে মঙ্গলবার জানিয়েছে বিবিসি। এসব ভূমিমাইন আগামী দিনগুলোতে দেশ ছেড়ে সরে পড়তে থাকা জনসাধারণের জন্য ঝুঁঁকিপূর্ণ হয়ে দাঁড়াবে বলে সতর্ক করে দিয়েছে দ্য হিউম্যান রাইটস ওয়াচ। মঙ্গলবার তুরস্কে আসাদের প্রতিপক্ষ সিরিয়ান ন্যাশনাল কাউন্সিলের (এসএনসি) প্রতিনিধিদের সঙ্গে এক আলোচনা শেষে কফি আনান জানান, সিরিয়ায় সহিংসতা বন্ধে তিনি একটি ‘নিরেট প্রস্তাব’ দিয়েছেন এবং এ ব্যাপারে প্রেসিডেন্ট বাশার আল আসাদের মতামত জানার জন্য অপেক্ষা করে আছেন তিনি। এ ব্যাপারে এখনো কোনো সাড়া পাওয়া যায় নি প্রেসিডেন্ট আসাদের কাছ থেকে। তবে সিরীয় পার্লামেন্টের পক্ষ থেকে এর আগে জানানো হয়, আগামী ৭ মে একটি সাংবিধানিক নির্বাচন অনুষ্ঠানের নির্দেশ দিয়েছেন আসাদ। গত মাসে অনুষ্ঠিত গণভোটের পরে অনুমোদিত সংবিধান অনুযায়ীই অনুষ্ঠিত হবে এ নির্বাচন। তবে ইতিমধ্যেই এ গণভোটকে ‘লোক দেখানো’ বলে অ্যাখ্যা দিয়েছে বিদ্রোহীদের সমর্থনকারী পশ্চিমা ও আরব দেশগুলো। সিরীয় সরকারের এ সংস্কারবাদী মনোভাবকে স্বাগত জানিয়েছে রাশিয়া ও চীন। এজন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়া হলে তাতে ভেটোও দেয় দেশ দু’টি। মঙ্গলবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেন, যতক্ষণ বিদ্রোহীরা নিজেদের অবস্থান থেকে সরে না আসছে, ততক্ষণ সিরীয় সরকারি বাহিনী যুদ্ধ বন্ধ করবে না। তবে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ভিক্টোরিয়া নুল্যান্ড বলেন, একটি ‘কাগুজে’ পার্লামেন্টের জন্য চলমান সহিংসতার মধ্যে নির্বাচনের ব্যাপারটি হাস্যকর। সিরিয়ায় সহিংসতা বন্ধ করা নিয়ে এখনো পশ্চিমাদের সঙ্গে বিরোধে জড়িয়ে আছে রাশিয়া। যুক্তরাষ্ট্র সরকার সিরিয়ায় সহিংসতার জন্য আসাদকে দায়ী করে এ রক্তক্ষয় বন্ধে তার সরকারেরই আগে পদক্ষেপ নেওয়া উচিত বলে মত দিয়েছে। ওদিকে, রাশিয়া বলছে, কে সহিংসতা আগে শুরু করেছে প্রশ্ন সেটি নয় বরং এ মুহূর্তে অবিলম্বে সব পক্ষেরই উচিত সহিংসতা বন্ধ করা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/সিআর/১৪২১ ঘ.