ঢাকা, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরিয়ায় গতবছর সরকারবিরোধী বিক্ষোভ ফুঁসে ওঠার পর থেকে আট হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছেন এক জাতিসংঘ কর্মকর্তা।
এদের মধ্যে রয়েছে বহু নারী ও শিশু। জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নাসির আব্দুলাজিজ আল-নাসের একথা জানান।
জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানের সঙ্গে তুরস্কে সিরীয় কর্তৃপক্ষের আলোচনার ঠিক আগে নিহতের এ পরিসংখ্যান দিলেন তিনি। আরব লিগ ও জাতিসংঘের প্রতিনিধি হিসেবে এ আলোচনায় বসছেন কফি আনান।
পৃথকভাবে সিরিয়ার বিরুদ্ধে বিভিন্ন মানবাধিকার সংস্থা লেবানন ও তুরস্কের সীমান্ত বরাবর ভূমিমাইন পাতার অভিযোগও এনেছে বলে মঙ্গলবার জানিয়েছে বিবিসি।
দ্য হিউম্যান রাইটস ওয়াচ সতর্ক করে দিয়ে বলেছে, যেকোনো ধরনের বিধ্বংসী ভূমিমাইন আগামী দিনগুলোতে জনসাধারণের জন্য ঝুঁঁকিপূর্ণ হয়ে দাঁড়াবে।
তবে এ ব্যাপারে এখনো কোনো মন্তব্য জানায়নি দামেস্ক।
গত সপ্তাহে দামেস্কে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সঙ্গে সাক্ষাতের পর যুদ্ধবিরতির ব্যাপারে বেশ ‘আশাবাদী’ মনোভাব দেখান আনান। তবে সোমবার আঙ্কারায় তুরস্কের প্রধানমন্ত্রী রেসেপ তায়েপের সঙ্গে এক বৈঠকে সিরিয়া পরিস্থিতি ‘বেশ জটিল’ বলে মন্তব্য করেন আনান।
সোমবার সিরিয়ার হোমস শহরে সরকারি বাহিনীর হামলায় অন্তত ৪৭ জন নিহত হয়েছে বলে খবর পাওয়া যায়। এছাড়া রোববার রাতে কারম এল-জায়তুন এলাকায় নারী ও শিশু নির্যাতন করা হয়।
সিরিয়া কর্তৃপক্ষ নিহতের কথা স্বীকার করলেও এর জন্য বিদ্রোহীদের দায়ী করেছে।
ওদিকে, সোমবার সিরিয়ার পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক স¤প্রদায়কে একমত হওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন।
ক্লিনটন বলেন, আমরা মনে করি আরব লিগের উত্থাপিত মানবিক ও রাজনৈতিক পদক্ষেপকে সমর্থন করার জন্য অন্যান্য সব দেশগুলোর এটাই সময়। এমনকি এর আগে যারা আমাদের পদক্ষেপ আটকে দিয়েছিলো তাদের জন্যও।
এর আগে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়া হলে তাতে ভেটো দেয় চীন ও রাশিয়া।
সিরিয়ায় সহিংসতা বন্ধ করা নিয়ে এখনো পশ্চিমাদের সঙ্গে বিরোধে জড়িয়ে আছে রাশিয়া। যুক্তরাষ্ট্র সরকার সিরিয়ায় সহিংসতার জন্য আসাদকে দায়ী করে এ রক্তক্ষয় বন্ধে তার সরকারেরই আগে পদক্ষেপ নেওয়া উচিত বলে মত দিয়েছে।
ওদিকে, রাশিয়া বলছে, কে সহিংসতা আগে শুরু করেছে প্রশ্ন সেটি নয় বরং এ মুহূর্তে অবিলম্বে সব পক্ষেরই উচিত সহিংসতা বন্ধ করা।
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেন, সিরিয়ার পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন। তবে আন্তর্জাতিক স¤প্রদায় বা নিরাপত্তা পরিষদকে ভুল পথে পরিচালিত করে আরব বিশ্বে কোনো পরিবর্তন ঘটানো ঠিক হবে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এলকিউ/১৫২১ঘ.
bdnews24