বৈরুত, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ার হামলা বিক্ষুব্ধ হোমস শহরে নতুন করে হত্যাযজ্ঞে আরো মানুষ নিহত হয়েছে। আন্দোলনকর্মীরা অন্তত ১২ জনের মৃত্যুর খবর জানিয়েছে।
অসমর্থিত কয়েকটি প্রতিবেদনে নিহতের সংখ্যা আরো বেশি বলা হয়েছে।
হোমসের এক আন্দোলন কর্মীর উদ্ধৃতি দিয়ে বিবিসি জানায়, শহরের দুটি এলাকায় ২৬ শিশু এবং ২১ জন নারীর মৃতদেহ খুঁজে পাওয়া গেছে। জোবার এলাকায় পাওয়া গেছে ৭ টি লাশ।
সিরিয়ায় গণমাধ্যমের ওপর কড়াকড়ি থাকায় মৃতের সংখ্যা নিরপেক্ষভাবে যাচাই করা কঠিন।
‘সিরিয়ান অবজারভেটরী ফর হিউম্যান রাইটস’ রাতভর হামলায় ১২ জন নিহত হয়েছে বলে জানিয়েছে। অন্য একটি মানবাধিকার গ্র“প, স্থানীয় কয়েকটি সমন্বয় কমিটি নিহতের সংখ্যা ৪৫ উল্লেখ করেছে।
এই নিহতরা সবাই নারী ও শিশু। করম আল জয়তুনে তাদেরকে ছুরিকাঘাত করে এবং পুড়িয়ে মারা হয়েছে বলে জানায় সংগঠনটি।
উভয় গ্র“পই নিহতদের মধ্যে শিশু রয়েছে বলে জানিয়েছে এবং এ মৃত্যুর জন্য সরকারপন্থি সাবিহা মিলিশিয়াকে দায়ী করেছে।
তবে সিরিয়ার গণমাধ্যম এ হামলার জন্য ‘সশস্ত্র সন্ত্রাসী’দের দায়ী করেছে।
ওদিকে, ইউটিউবে বিরোধীপক্ষের পোস্ট করা ফুটেজে রক্তমাখা একটি কক্ষে নারী, পুরুষ ও শিশুর মৃতদেহ পড়ে থাকতে দেখা গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৬০৩ঘ.
bdnews24