ঢাকা, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ক্যালিফোর্নিয়ার আইন অনুযায়ী বোতলের গায়ে ক্যান্সার সতর্কতার লেবেল না লাগাতে নিজেদের জনপ্রিয় পানীয়ের রেসিপিই পরিবর্তন করছে কোকাকোলা ও পেপসি।
নতুন রেসিপি অনুযায়ী, এ পানীয়তে ক্যারামেল রঙ ৪-মেথিলিমিডাজোলেরও কম থাকবে। ক্যালিফোর্নিয়া এ রাসায়নিক উপাদানকে ক্যান্সার সৃষ্টিকারক উপাদানের তালিকাভুক্ত করেছে বলে বিবিসি জানায়।
পরিবর্তিত এ রেসিপি ইতোমধ্যেই ক্যালিফোর্নিয়াতে চালু হয়েছে।
কোকাকোলার প্রতিনিধি ডিয়ানা গাজরা-সিয়ারলান্টে এপিকে বলেন, “যখন বুঝতে পারলাম এ ধরনের পরিবর্তনে কোনো স্বাস্থ্য ঝুঁকি নেই তখন আমাদের ক্যারামেল সরবরাহকারীদের এ পদক্ষেপ নিতে বলি। এতে আমাদের পণ্যকে বৈজ্ঞানিক ভিত্তিহীন সতর্কতা লাগানো থেকে দূরে রাখতে পারব।”
আমেরিকান বেভারেজ এসোসিয়েশন জানায়, এক গবেষণায় ইঁদুরের ক্যান্সারের সঙ্গে এ উপাদানের সম্পর্ক বিষয়ে তথ্য পাওয়া গেছে। তবে এটা যে মানব শরীরের জন্য ক্ষতিকর, এমন কোনো তথ্য এখনও জানা যায় নি।
তবে মার্কিন ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন জানায়, ল্যাব টেস্টে ইঁদুরের শরীরে এ উপাদান যে পরিমাণে দেওয়া হয়েছিলো একজন ব্যক্তি ১ হাজার ক্যান কোক বা পেপসি খেলেই কেবল তা পাবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১৪১৭ ঘ.
bdnews24