কায়রো, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সেনা সমর্থিত সরকারের ওপর থেকে সমর্থন সরিয়ে নেওয়ার উদ্যোগ হিসেবে রোববার মিশরের পার্লামেন্টে ভোট অনুষ্ঠিত হয়েছে।
মুসলিম ব্রাদারহুডের নেতৃত্বে নতুন মন্ত্রিসভা গঠনে ক্ষমতাসীন জেনারেলদের ওপর চাপ বাড়াতেই এই পদক্ষেপ গ্রহণ করা হয়।
গত বছর প্রেসিডেন্ট হোসনি মুবারকের পতনের পর থেকে ক্ষমতায় রয়েছে দেশটির সেনা কর্মকর্তারা।
একের পর এক সাংসদ পদত্যাগের আহ্বান জানানোর পর পার্লামেন্টের স্পিকার ও মুসলিম ব্রাদারহুডের ফ্রিডম অ্যান্ড জাস্টিস পার্টি (এফজেপি)’র সদস্য সাদ আল-কাটানটি পদত্যাগ না করে সরকারের ওপর আস্থা প্রত্যাহারে ভোট দিতে সাংসদদের প্রতি আহ্বান জানান।
এই আহ্বান জানানোর পর অনুষ্ঠিত ভোটের পর স্পিকার বলেন, অনাস্থা ভোট আয়োজনের ব্যাপারে “পার্লামেন্ট সম্মত হয়েছে।”
অনাস্থা ভোটের কারণে মিশরে নতুন রাজনৈতিক প্রবাহের সৃষ্টি হবে এবং জেনারেলরা নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা দিতে অস্বীকৃতি জানালে তা বিপর্যয়ের সৃষ্টি হতে পারে।
একইসঙ্গে এক বছরেরও বেশি সময় ধরে চলা সরকারবিরোধী আন্দোলনের পর হমকির মুখে পড়া অর্থনীতি রক্ষায় প্রধানমন্ত্রী কামাল আল-গানজুরি আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কাছে ৩.২ বিলিয়ন ডলারের যে ঋণ সহায়তা চেয়েছেন সে সংক্রান্ত আলোচনাকেও জটিল করে তুলতে পারে এ ভোট।
মিশরের নিয়ম অনুযায়ী, কেবলমাত্র সেনাপরিষদই মন্ত্রিসভাকে প্রত্যাহার ও গঠন করতে পারবে।
তবে সংসদীয় নির্বাচনে ৪৩ শতাংশ আসনে জয়ী হওয়া ব্রাদারহুডের মতে, দেশটিতে বর্তমানে নতুন যুগ চলছে এবং পার্লামেন্টে আস্থা হারালে সরকারের পদত্যাগ বা তাদেরকে বরখাস্ত করা উচিত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১১৫০ ঘ.
bdnews24