ঢাকা, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিশরে নারী বিদ্রোহীদের ‘কুমারীত্ব পরীক্ষা’ করতে বাধ্য করার অভিযোগে আটক সেনাবাহিনীর এক চিকিৎসককে বেকসুর খালাস দিয়েছে দেশটির এক সামরিক আদালত।
সাক্ষীদের বক্তব্যে অসামঞ্জস্য থাকায় আহমদ আদেল নামের ওই ব্যক্তিকে বিচারক মুক্তি দেন বলে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা মেনার বরাত দিয়ে সোমবার বিবিসি জানিয়েছে।
বিচারক বলেন, “নথিপত্রে প্রাপ্ত প্রমাণাদি ও আমার বিচারবুদ্ধি বিবেচনায় এ রায় ঘোষণা করা হলো।”
কোনো ধরনের চাপের মুখে পড়েননি বলেও জানান তিনি।
এদিকে মামলার বাদি সামিরা ইব্রাহিম নিজের টুইটারে বলেন, এ রায় মিশরের সম্মানহানি করেছে। ‘মিশরের অধিকার পুনরুদ্ধার’ না করা পর্যন্ত নিজের চেষ্টা চালিয়ে যাবেন বলেও জানান তিনি।
রায় ঘোষণার পর আদালতের বাইরে বিক্ষোভ করে সাধারণ মিশরীয়রা।
সামিরার অভযোগ, গত বছরের মার্চ মাসে তাহরির স্কয়ারে বিক্ষোভ চলাকালে আরো কয়েকজন নারীসহ তাকে গ্রেপ্তার করা হয়। এরপর একজন পুরুষ চিকিৎসকের কাছে পাঁচ মিনিটের তথাকথিত কুমারীত্ব পরীক্ষা করতে বাধ্য করা হয় তাদের।
সামিরার মামলা দায়েরের পর কায়রোর প্রশাসনিক আদালত এ পরীক্ষাকে অবৈধ ঘোষণা করে।
প্রাথমিক পর্যায়ে সেনাবাহিনী এ অভিযোগ অস্বীকার করলেও নাম প্রকাশে অনিচ্ছুক ঊর্ধ্বতন এক জেনারেল এ ঘটনা স্বীকার করেছে বলে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১৩৩৪ ঘ.
bdnews24