কাবুল, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তানের কান্দাহারে ১৬ আফগানকে হত্যার পর আটক হয়েছে এক মার্কিন সেনা।
ওই সেনার গুলিতে ১৬ আফগান নিহত হওয়া ছাড়াও ৫ জন আহত হয়।
সেনাটি সকালের দিকে সামরিক ঘাঁটি ছেড়ে স্থানীয় একটি বাসায় গিয়ে গুলি চালায়। এ ঘটনার পর সেনাটির øায়ুবৈকল্য দেখা দেয় বলে জানিয়েছে বিবিসি। সেনাটির নাম জানানো হয়নি।
অধিবাসীদের উদ্ধৃতি দিয়ে বিবিসি জানায়, মার্কিন সেনাটি তিনটি আলাদা বাড়িতে গুলি চালায়। প্রথম বাড়িতে হামলায় নিহত হয় ১১ জন। এ হত্যাযজ্ঞের পর সে মার্কিন সামরিক কর্তৃপক্ষের কাছে ধরা দেয়।
‘গভীর দুঃখজনক এ ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলে ন্যাটো জানিয়েছে।
ন্যাটোর নেতৃত্বাধীন আন্তর্জাতিক নিরাপত্তা সহায়তা বাহিনী (ইসাফ) এক বিবৃতিতে জানায়, ঘটনার তদন্তে আফগান কর্মকর্তাদের সঙ্গে কাজ করবেন আফগানিন্তানে অবস্থানরত মার্কিন কর্মকর্তারা।
গত মাসে আফগানিস্তানের ন্যাটো ঘাঁটিতে মার্কিন সেনারা কোরান পোড়ানোর পর থেকে দেশটিতে মার্কিন বিরোধী মনোভাব বেড়ে চলেছে।
মার্কিন কর্মকর্তারা ক্ষমা চাইলেও এ ঘটনার পর বিক্ষোভ ও হামলায় কমপক্ষে ৩০ জন বেসামরিক মানুষ ও ছয় মার্কিন সেনা মারা যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এলকিউ/১৬২৬ঘ.
bdnews24