২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্যাশন করায় পাথর ছুড়ে তরুণ হত্যা

পশ্চিমা স্টাইলে টাইট জিন্স, টি-শার্ট পরা এবং বড় খাড়া খাড়া চুল রাখার কারণে ইরাকের রাজধানী বাগদাদে গত তিন সপ্তাহে অন্তত ১৪ তরুণকে পাথর ছুড়ে হত্যা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2012, 09:51 AM

Updated : 24 Aug 2022, 10:57 AM

বাগদাদ, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-পশ্চিমা স্টাইলে টাইট জিন্স, টি-শার্ট পরা এবং বড় খাড়া খাড়া চুল রাখার কারণে ইরাকের রাজধানী বাগদাদে গত তিন সপ্তাহে অন্তত ১৪ তরুণকে পাথর ছুড়ে হত্যা করা হয়েছে। নিরাপত্তা বাহিনী ও হাসপাতাল সূত্রগুলো জানিয়েছে, বাগদাদের শিয়া অধ্যুষিত এলাকায় মুসলিম জঙ্গিদের প্ররোচনায় এ হত্যার ঘটনা ঘটে। সেখানে আরো কয়েকজন তরুণের নামের তালিকা টাঙিয়ে দেওয়া হয়েছে। ফ্যাশন পরিবর্তন না করলে তাদেরও হত্যা করা হবে বলে জানানো হয়েছে। গত মাসে ইরাকের স্বরাষ্ট্রমন্ত্রণালয় পশ্চিমা ‘পাঙ্ক’ সংস্কৃতি ‘ইমো’কে “শয়তানের সংস্কৃতি” বলে বর্ণনা করে পুলিশকে এর অনুসারীদের বিরুদ্ধে অভিযান চালানোর নির্দেশ দেয়। এরপর থেকেই ‘ইমো’ পোশাক পরা তরুণদের হত্যা করতে শুরু হয়। যুক্তরাষ্ট্রে বিকশিত পাঙ্ক সঙ্গীতের একটি রূপ হচ্ছে ‘ইমো’। ইমোর অনুসারীরা তাদের বিশেষ ধরনের পোশাক ও চুলের ছাঁটের কারণে পরিচিত। প্রায়ই তারা টাইট জিন্স, বিভিন্ন লোগো লাগানো টি-শার্ট পরে এবং তাদের চুল লক্ষ্যণীয়ভাবে বড় বা কাঁটা কাঁটা ছাঁটের হয়ে থাকে। কারো কারো মুখ চুল দিয়ে অর্ধেক ঢাকা থাকে। পূর্ব বাগদাদের তিনটি হাসপাতালে অন্তত ১৪টি মৃতদেহ আনা হয়েছে যাদের শরীরে পাথর ও ইট দিয়ে ক্রমাগত আঘাত করার চিহ্ন রয়েছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক নিরাপত্তা বাহিনী ও হাসপাতাল সূত্রগুলো জানিয়েছে। বাগদাদের সদর সিটির হাসপাতাগুলোতে নয়টি মৃতদেহ আনা হয়েছে, পূর্ব বাগদাদের আল কিন্ডি হাসপাতালে আনা হয়েছে তিনটি মৃতদেহ আর বাকী দুটি মৃতদেহ কেন্দ্রিয় মর্গে নিয়ে রাখা হয়েছে। এছাড়া দুইজন কিশোরীসহ আরো ছয়জনকে পিটিয়ে আহত করা হয়েছে বলে নিরাপত্তা বাহিনীর কয়েকটি সূত্র জানায়। পূর্ব বাগদাদের শিয়া অধুষ্যিত বেয়া এলাকায় শনিবার বিতরণ করা একটি লিফলেটে ২৪ তরুণের নাম দিয়ে তাদের হত্যা করার ঘোষণা দেওয়া হয়েছে। সদর সিটিতে ছড়ানো লিফলেটে ২০ জন তরুণের নাম রয়েছে। লিফলেটে বলা হয়েছে, “আমরা এইসব উগ্র তরুণ তরুণীদের অত্যন্ত কড়াভাবে সতর্ক করছি, চারদিনের মধ্যে তোমরা তোমাদের এইসব নোংরা কাজকর্ম থেকে না সরলে মুজাহিদিনদের হাত দিয়ে খোদার গজব তোমাদের ওপর নেমে আসবে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৫৪৯ঘ.