২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আসাদ-আনান দ্বিতীয় দফা বৈঠক

সিরিয়ায় চলমান সহিংসতা বন্ধে রাজনৈতিক সমাধানে রাজী করাতে রোববার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সঙ্গে দ্বিতীয় দফা বৈঠক করেছেন জাতিসংঘ-আরব লিগ প্রতিনিধি কফি আনান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2012, 09:35 AM

Updated : 24 Aug 2022, 10:57 AM

আম্মান, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-সিরিয়ায় চলমান সহিংসতা বন্ধে রাজনৈতিক সমাধানে রাজী করাতে রোববার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সঙ্গে দ্বিতীয় দফা বৈঠক করেছেন জাতিসংঘ-আরব লিগ প্রতিনিধি কফি আনান। প্রেসিডেন্ট প্রাসাদে দুইজন বৈঠক করেছেন বলে জানিয়েছেন জাতিসংঘের এক মুখপাত্র। তবে বৈঠকের ব্যাপারে বিস্তারিত কিছু জানান নি তিনি। তবে বৈঠক শেষে আনানের কাতারে যাওয়ার কথা আছে বলে জানান তিনি। আসাদের সঙ্গে দ্বিতীয় দফা বৈঠকের আগে আনান সিরিয়ার ধমীৃয় নেতা ঊর্ধ্বতন সুন্নি মুসলিম কর্তৃপক্ষ ও অন্যানদের সঙ্গে সাক্ষাৎ করেন। দুই দিনের সফরে সিরিয়া গেছেন জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান। শনিবার আসাদের সঙ্গে প্রথম দফা বৈঠক করেন তিনি। প্রথম দিনের বৈঠকে ‘সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীগুলো’ কার্যক্রম চালাতে থাকলে কোনো রাজনৈতিক সংলাপে যাবেন না বলে জানান আসাদ। সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, ‘ইতিবাচক’ মনোভাবের মধ্যেই আনানের সঙ্গে প্রথম দফা বৈঠক হয়েছে। আসাদের উদ্ধৃতি দিয়ে টেলিভিশনের ওই প্রতিবেদনে বলা হয়, “সিরিয়ায় ঘটে চলা ঘটনাগুলো সমাধানের লক্ষ্যে যেকোনো ন্যায় প্রচেষ্টা সফল করতে প্রস্তুত দামেস্ক।” আরো বলা হয়, “সশস্ত্র গোষ্ঠীগুলোর পরিচালনায় বিশৃংখলা ও অস্থিতিশীলতা চলতে থাকলে কোনো রাজনৈতিক আলোচনা বা কার্যক্রম সফল হবে না।” ওদিকে, জাতিসংঘের সাবেক এ মহাসচিবের এক মুখপাত্র আলোচনা ‘স্পষ্ট ও বিশদ’ হয়েছে বলে জানান। আসাদ ছাড়াও শনিবার ‘সিরিয়ান অপোসিং কো-অর্ডিনেশন বডি’র প্রধান হাসান আব্দুল আজিমসহ রাজধানী দামেস্ক ভিত্তিক কয়েকজন বিরোধী পক্ষীয় নেতার সঙ্গে বৈঠক করেন আনান। আব্দুল আজিম বলেন, “আরব লিগের প্রচেষ্টা সমন্বিত করার জন্য আনানকে আহ্বান জানিয়েছি আমরা।” সিরিয়ায় অস্ত্রবিরতি ও ত্রাণ সংস্থাগুলোর অবাধ প্রবেশাধিকার দেওয়ার চেষ্টা করছেন জাতিসংঘ-আরব লিগ শান্তিদূত কফি আনান । জাতিসংঘের বরাত দিয়ে বিবিসি এক খবরে জানায়, সিরিয়ার প্রতিবেশী দেশগুলোতেও যাবেন সাবেক এ মহাসচিব। কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে বিবিসি’র ওই খবরে আরো বলা হয়, জাতিসংঘের সাবেক এ মহাসচিব প্রথমেই সিরিয়ার প্রতিবেশী তুরস্কে যেতে পারেন। প্রতিবেশী এ দেশটি সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিক্ষোভ দমনাভিযানের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। ২০১১ সালের মার্চে শুরু হওয়া সরকার বিরোধী আন্দোলন কঠোর হাতে দমন করার চেষ্টা করছেন আসাদ। আর ক্রমেই শান্তিপূর্ণ ওই আন্দোলন সশস্ত্র সংগ্রামে পরিণত হচ্ছে। সিরিয়ার চলমান সরকার বিরোধী আন্দোলন দমনে আসাদের অনুগত বাহিনীর অভিযানে সাড়ে সাত হাজারেও বেশি মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। ওদিকে, শনিবারও সিরিয়ার উত্তরাঞ্চলের শহর ইদলিবে আসাদ বাহিনীর গোলা হামলায় অন্তত ৬৩ জন নিহত হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৫৩৩ঘ.