২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আসাদের সঙ্গে কফি আনানের বৈঠক

সিরিয়ায় চলমান সহিংসতা বন্ধে রাজনৈতিক সমাধানের জন্য চাপ দিতে শনিবার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সঙ্গে বৈঠক করেছেন জাতিসংঘ ও আরব লিগ প্রতিনিধি কফি আনান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2012, 12:39 PM

Updated : 24 Aug 2022, 10:57 AM

বৈরুত, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-সিরিয়ায় চলমান সহিংসতা বন্ধে রাজনৈতিক সমাধানের জন্য চাপ দিতে শনিবার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সঙ্গে বৈঠক করেছেন জাতিসংঘ ও আরব লিগ প্রতিনিধি কফি আনান। সিরিয়ার টেলিভিশন প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট প্রাসাদে আসাদের সঙ্গে বৈঠক করছেন জাতিসংঘের সাবেক এ মহাসচিব। এর আগে কায়রো থেকে দামেস্ক রওয়ানা হওয়ার আগে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে বৈঠক করেন কফি আনান। রাশিয়া সিরিয়ার অন্যতম শক্তিশালী মিত্র হিসেবে পরিচিত। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সিরিয়ায় সহিংসতা বন্ধ করে আলোচনা শুরু করতে আবারও আহ্বান জানিয়েছেন ল্যাভরভ। রুশ বিবৃতিতে বলা হয়, “সিরিয়া সংকট সমাধানে রাশিয়ার সঙ্গে আলাপচারিতা চালিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন আনান।” এদিকে রোববার সিরিয়া ছেড়ে যাওয়ার আগে বিরোধী পক্ষের নেতাদের সঙ্গেও সাক্ষাতের পরিকল্পনা রয়েছে জাতিসংঘের সাবেক এ মহাসচিবের। এর আগে আনান রাজনৈতিক সমাধানের আহ্বান জানালেও আলোচনার সময় পার হয়ে গেছে জানিয়ে তা প্রত্যাখান করে সিরিয়ার আসাদ বিরোধী নেতারা। সিরিয়ার ন্যাশনাল কাউন্সিল এর নির্বাসিত সদস্য মেলহাম আল দ্রোবি টেলিফোনে রয়টার্সকে বলেন, “হত্যা বন্ধ করার যেকোনো পদক্ষেপকে আমরা সমর্থন করি। তবে যদি আন্দোলন দমনের জন্য আসাদকে আরো সময় দেওয়া হয় এবং তাকে ক্ষমতায় রাখা হয় সে পদক্ষেপকে প্রত্যাখান আমরা করবো।” তিনি আরো বলেন, “আমরা চাই আনান আসাদকে হত্যা বন্ধ ও পদত্যাগ করে পার্লামেন্টারি নির্বাচন আহ্বান করতে রাজি করাতে পারবেন।” ২০১১ সালের মার্চ থেকে সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল আসাদ বিরোধী আন্দোলন চলছে। আন্দোলন দমনে সরকারি বাহিনীর অভিযানে ‘সাড়ে সাত হাজারেরও’ বেশি সিরীয় নিহত হয়েছে বলে জাতিসংঘ জানিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএমটি/১৮৩১ ঘ.