২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়াজুড়ে নিহত ৩১, হোমসে মর্টার হামলা

সিরিয়ার নিরাপত্তা বাহিনী শুক্রবার দেশজুড়ে ৩১ জনকে হত্যা করেছে। এর মধ্যে হোমসে মর্টার হামলায় নিহত হয়েছে অন্তত ১০ জন। হামা, ইদলিব এবং দামেস্কেসহ অন্যান্য জায়গায় নিহত হয়েছে আরো মানুষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2012, 01:44 PM

Updated : 24 Aug 2022, 10:56 AM

আম্মান, মার্চ ৯ (বিডিডনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ার নিরাপত্তা বাহিনী শুক্রবার দেশজুড়ে ৩১ জনকে হত্যা করেছে। এর মধ্যে হোমসে মর্টার হামলায় নিহত হয়েছে অন্তত ১০ জন। হামা, ইদলিব এবং দামেস্কেসহ অন্যান্য জায়গায় নিহত হয়েছে আরো মানুষ। হোমসের বিরোধী আন্দোলনকর্মীরা জানিয়েছে, বাব হুদ এলাকায় বিক্ষোভ চলাকালে এবং বাব দ্রাইব এলাকায় আল হানাব্লেহ মসজিদে জুম্মার নামাজের পর মর্টার হামলা হয়েছে। এর মধ্যেও হোমসের ৪ টি এলাকায় বিক্ষোভ চলছে এবং তা দমনে নিরাপত্তা বাহিনী মর্টার হামলাও চালাচ্ছে বলে জানিয়েছেন আরেক কর্মী। তিনি নিজ এলাকাতেও সকাল থেকেই মর্টারের গোলার শব্দ শুনছেন বলে জানান। জাতিসংঘ শরণার্থী বিষয়ক সংস্থার প্রধান ভ্যালেরি আমোসের সিরিয়া সফর এবং হোমস পরিদর্শনের কারণে কিছুদিন গোলা হামলা বন্ধ থাকার পর শুক্রবার আবার নতুন করে ট্যাংক হামলা শুরু করেছে নিরাপত্তা বাহিনী। হোমসের করম আল জয়তুন এলাকার এক অধিবাসী জানান, সকাল ৭ টায় শহরটিতে প্রবেশ করেছে ৩০ টি ট্যাংক। সেগুলো থেকে অবিরাম গোলা হামলা চলছে। চলছে রকেট চালিত গ্রেনেড হামলাও। ফলে লোকজন ঘরে থাকতে বাধ্য হচ্ছে। শুক্রবার জুম্মার নামাজের পর হোমসের রাস্তায় বিক্ষোভে নামার পরিকল্পনা করছিলো প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরোধীরা। কিন্তু ট্যাংকের গোলা হামলার কারণে অনেকেই ঘরে থাকতে বাধ্য হয়। মাঠ পর্যায়ের স্থানীয় সমন্বয় কমিটি হোমসে ১৩ জন, ইদলিবে ৯ জন, দামেস্কে ২ জন, লাটাকিয়ায় ১ জন এবং অ্যালেপ্পোয় ১ জন নিহত হওয়ার কথা জানিয়েছে। ওদিকে, সিরিয়ান অবজারভেটরী ফর হিউম্যান রাইটস বলেছে, তুরস্ক সীমান্তের কাছে বাড়িতে বাড়িতে তল্লাশি চালিয়ে নিরাপত্তা বাহিনী ২ জনকে হত্যা করেছে এবং হামায় নিহত হয়েছে ৩ জন। সিরিয়ায় রক্তক্ষয় বন্ধের চেষ্টায় শনিবার কায়রো থেকে দামেস্ক যাওয়ার কথা রয়েছে জাতিসংঘের সাবেক মহাসচিব, শান্তিতে নোবেলজয়ী আনানের। তিনি ইতোমধ্যেই সংকটের রাজনৈতিক সমাধানের পথ খুঁজতে আলোচনার প্রস্তাব দিয়েছেন। কিন্তু সে আহ্বান প্রত্যাখ্যান করেছে সিরিয়ার সরকারবিরোধী পক্ষ। আলোচনার পথে গেলে আসাদ বাহিনীকে কেবল বিরোধীদের দমন করার আরো সময়ই কেবল দেওয়া হবে বলে অভিযোগ করেছে তারা। হোমস এ ট্যাংক হামলা চলার মুখে কোনো ধরনের সংলাপে যেতে রাজি নয় বিরোধী পক্ষ। সিরিয়া সফর করে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভ্যালেরি আমোস বলেছেন, হোমস শহরের বাবা আমর জেলার ‘ধ্বংসস্তুপ’ দেখে তিনি ‘হতবাক’ হয়েছেন। এ ধ্বংসযজ্ঞের মধ্যেও সেখানে থেমে নেই হামলা। জাতিসংঘের হিসেব অনুযায়ী, এক বছর ধরে চলা প্রেসিডেন্ট আসাদবিরোধী আন্দোলনে সাড়ে ৭ হাজারেরও বেশি মানুষ মারা গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৯৪০ঘ.