জাপানের ভয়াবহ সুনামির একবছর
নীরবতা, প্রার্থনা ও পরমাণু বিরোধী সমাবেশের মধ্য দিয়ে রোববার ভয়াবহ ভূমিকম্প ও সুনামির এক বছর পূর্তি পালন করছে জাপান।
ওফুনাটো, জাপান, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নীরবতা, প্রার্থনা ও পরমাণু বিরোধী সমাবেশের মধ্য দিয়ে রোববার ভয়াবহ ভূমিকম্প ও সুনামির এক বছর পূর্তি পালন করছে জাপান।
২০১১ সালের ১১ মার্চ রিকটার স্কেলে ৯ মাত্রার ভূমিকম্পে লণ্ডভন্ড হয়ে যায় জাপানের উত্তরপূর্বের উপকূলীয় অঞ্চল। ভূমিকম্প ও তৎপরবর্তী সুনামিতে দেশটির প্রায় ১৬ হাজার মানুষ নিহত ও ৩ হাজার ৩ শ’ জন নিখোঁজ হয়।
ভূমিকম্পের পর ঘটে যাওয়া ফুকুশিমা পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে দুর্ঘটনার ফলে সৃষ্ট তেজস্ক্রিয়তায় বিপর্যস্ত হয়ে পড়ে জাপান। এ দুর্ঘটনার কারণে পরমাণু কর্মসূচির সঙ্গে সঙ্গে জাপানের নেতাদের ওপরও আস্থাহীন হয়ে পড়ে জনগণ।
এক বছর পেরিয়ে গেলেও এখনও মানবিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ব্যয় মেটাতে সংগ্রাম করছে জাপান। পরিবারের আহ্বানে নিখোঁজদের খুঁজে বের করতে এখনও নদী ও উপকূলে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ ও উপকূল রক্ষী বাহিনী।
পুরো দেশের মতো ওফুনাটোতেও ভূমিকম্প আঘাত হানার সময় বেলা পৌনে তিনটায় একবার এবং এর ৩৩ মিনিট পর শহরটিতে সুনামি আঘাত হানার সময় আরো একবার এক মিনিটের নিরবতা পালন করা হবে। সুনামির আঘাতে শহরটির ৪শ’ ২০ জন নিহত হয়।
ওফুনাটোর টাউন হলে নিহতদের স্মরণে নির্মাণ করা একটি বেদিতে সাদা চন্দ্রমল্লিকা ফুল অর্পন করছে শহরের বাসিন্দারা।
ওদিকে, দুর্যোগের মুখেও শান্তভাব ও শৃঙ্খলা বজায় রেখে সারা বিশ্বের কাছে শ্রদ্ধার পাত্রে পরিণত হয়েছে জাপানের লোকজন। এতে করে ক্ষতিগ্রস্ত অর্থনীতি আগামী কয়েকমাসের মধ্যেই দুর্যোগ পূর্ব অবস্থায় ফিরে যাবে বলে মনে করা হচ্ছে।
আর এক্ষেত্রে বড় ধরনের সহায়তা দিচ্ছে সরকার ও বিরোধী দলের মধ্যে দুর্লভ সহযোগিতায় গঠিত প্রায় ২ হাজার ৩শ’ কোটি ডলারের পুনর্গঠন তহবিল।
ওয়াশিংটন পোস্টে প্রকাশিত এক নিবন্ধে জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিকো নোদা বলেন, “সাম্প্রতিক ইতিহাসে দেখা যায়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতার পরও জাপানে দ্রুত অর্থনৈতিক সম্প্রসারণের মাধ্যমে বিশ্বে সবচেয়ে দক্ষ অর্থনীতি গড়ে তুলেছি আমরা।”
ওই নিবন্ধে তিনি আরো বলেন “আজ আমরা আবার একই ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছি এবং জাপানের পূর্বাঞ্চলের ভয়াবহ ভূমিকম্পের বর্ষপূর্তিতে সে কথাই স্মরণ করছি।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এমডি/১৫১২ঘ.
