২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনী প্রচারণায় ওবামাকে নিয়ে প্রামাণ্যচিত্র

দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া লক্ষ্যকে সামনে রেখে প্রচারণা কৌশলে নতুন মাত্রা যোগ করেছেন বারাক ওবামা। আর এরই অংশ হিসেবে নির্মাণ করা হয়েছে ‘রোড উই হ্যাভ ট্রাভেলড’ শীর্ষক ১৭ মিনিটের একটি প্রামাণ্যচিত্র।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2012, 09:04 AM

Updated : 24 Aug 2022, 10:56 AM

শিকাগো, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া লক্ষ্যকে সামনে রেখে প্রচারণা কৌশলে নতুন মাত্রা যোগ করেছেন বারাক ওবামা। আর এরই অংশ হিসেবে নির্মাণ করা হয়েছে ‘রোড উই হ্যাভ ট্রাভেলড’ শীর্ষক ১৭ মিনিটের একটি প্রামাণ্যচিত্র। ডেমোক্রেটিক প্রেসিডেন্টের হোয়াইট হাউসে কাটানো প্রথম তিন বছরের ওপর ভিত্তি করে নির্মিত এ প্রামাণ্যচিত্রের বিজ্ঞাপন প্রচার করা হয়েছে বৃহস্পতিবার। ওবামার প্রচারাভিযান দল থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, “প্রেসিডেন্ট ওবামা ক্ষমতা গ্রহণের পর যুক্তরাষ্ট্র যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিলো, চ্যালেঞ্জ মোকাবিলায় ওবামা যেসব সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন ও অর্থনৈতিক পুনর্গঠনে আমরা যে অগ্রগতি আনতে সফল হয়েছি সেসব বিষয় জনগণের সামনে তুলে ধরতে এ প্রামাণ্যচিত্রটি হলো একটি বড় সুযোগ।” প্রামাণ্যচিত্রটিতে ভাইস প্রেসিডেন্ট জো বিডেন, ফার্স্ট লেডি মিশেল ওবামা, শিকাগোর মেয়র ও প্রেসিডেন্টের প্রথম হোয়াইট হাউস চিফ অব স্টাফ রাহম এমানুয়েলকে দেখানো হয়েছে। সঙ্গীত, সিনেমা স্টাইলের ভিডিও ও ওবামার শীর্ষ উপদেষ্টাদের সাক্ষাৎকার সম্বলিত এ প্রামাণ্যচিত্রটির দেশব্যাপী উদ্বোধনী প্রদর্শনী হবে আগামী ১৫ মার্চ। ওবামার নির্বাচনী প্রচারণার জন্য স্থাপিত কার্যালয়গুলোতে এটি প্রদর্শিত হবে। অস্কারজয়ী পরিচালক ডেভিস গুগেনহেইম এটি পরিচালনা করেছেন। আর এতে ধারাভাষ্য দিয়েছেন আর এক অস্কার বিজয়ী অভিনেতা টম হ্যাঙ্কস। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১৪৫৫ ঘ.