ত্রিপোলি, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লিবিয়ার ক্ষমতাচ্যুত ও নিহত শাসক মুয়াম্মার গাদ্দাফির সরকার বিশ্বের বিভিন্ন দেশে লিবিয়ার দূতাবাসগুলোতে গোপন অস্ত্রের মজুদ গড়ে তোলার কার্যক্রম চালাচ্ছিলো। পিস্তল, গ্রেনেড ও বোমা তৈরির সরঞ্জামসহ এসব অস্ত্র কূটনৈতিক ব্যাগে ভরে পাঠানো হচ্ছিলো।
বৃহস্পতিবার লিবিয়ার নতুন সরকারের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এসব কথা জানিয়েছেন।
অস্ত্রগুলো বিদেশে চলে যাওয়া লিবিয়ার ভিন্নমতাবলম্বীদের হত্যার উদ্দেশে অথবা দূতাবাস সংশ্লিষ্ট দেশের বিরুদ্ধে অভিযানে ব্যবহার করার লক্ষ্যে নেওয়া হচ্ছিলো বলে ধারণা করা হচ্ছে।
লিবিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ আব্দুল আজিজ জানান, গত বছর নতুন সরকারের ক্ষমতা গ্রহণের মাধ্যমে দূতাবাসগুলো নিয়ন্ত্রণে আসার পর অস্ত্রের খোঁজ পাওয়ায় সামগ্রিক পরিকল্পনা সম্পর্কে ধারণা পাওয়া সম্ভব হয়েছে।
আফ্রিকা, এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশে গাদ্দাফির কর্মকর্তারা অস্ত্র পাঠিয়েছিলেন বলে জানান আব্দুল আজিজ।
“এর পেছনে পরিকল্পনাটি কী তা কেউ জানে না। এটা কি এমন কোনো সমস্যার জন্য পাঠানো হয়েছিলো যে সমস্যার সঙ্গে সংশ্লিষ্ট দেশগুলোও জড়িত ছিলো? না কি এগুলো লিবিয়ার নাগরিকদের বিরুদ্ধে ব্যবহারের জন্যই পাঠানো হয়েছিলো? কেউ জানে না,” বলেন আব্দুল আজিজ।
“আসলে গাদ্দাফির প্রশাসনের পক্ষে কোন কিছুই অসম্ভব ছিলো না,” বলেন তিনি।
গাদ্দাফির ৪২ বছরের শাসনামলে তার বিরুদ্ধে বার বার ‘সহিংসতা রপ্তানি’র অভিযোগ তোলা হয়েছিলো।
১৯৮৮ সালে স্কটল্যান্ডের লকারবি শহরের আকাশে মার্কিন প্যানঅ্যাম বিমান উড়িয়ে দেওয়া ও ১৯৮৪ সালে লন্ডনে লিবীয় দূতাবাসের সামনে একজন ব্রিটিশ নারী পুলিশ সদস্যকে গুলি করে হত্যার জন্য গাদ্দাফিকে দায়ী করা হয়েছিলো।
ক্ষমতা থেকে উৎখাতের আগ পর্যন্ত বিদেশে লিবীয় দূতাবাসগুলোতে গাদ্দাফি প্রশাসনের অস্ত্র পাঠানোর ঘটনা ইঙ্গিত দেয় ক্ষমতা থেকে উৎখাতের আগ মুহূর্তেও তিনি হয়তো বিদেশে গুপ্তহত্যা পরিচালনার পরিকল্পনা অব্যাহত রেখেছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৩২৭ ঘ.
bdnews24