লন্ডন, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নাইজেরিয়ায় অপহৃত ব্রিটিশ ও ইটালীয় দুই নাগরিককে হত্যা করেছে অপহরণকারীরা। ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বৃহস্পতিবার এ ঘটনার কথা জানান।
২০১১ সালের মে মাসে উত্তর নাইজেরিয়ায় ব্রিটিশ নাগরিক ক্রিম ম্যাকমানাস ও ইটালীয় নাগরিক ফ্রাঙ্কো ল্যাামোলিনারাকে অপহরণ করা হয় বলে জানান বৃটিশ প্রধানমন্ত্রী।
“ক্রিস ও ফ্রাঙ্কোকে উদ্ধারে অভিযান পরিচালনার জন্য নাইজেরিয়া সরকারের সহযোগিতায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়, আজ আমি অভিযান শুরু করার নির্দেশ দিয়েছিলাম,” বলেন ক্যামেরন।
“গভীর বেদনার সঙ্গে আমাকে বলতে হচ্ছে, ক্রিস ও ফ্রাঙ্কো উভয়েই প্রাণ হারিয়েছেন। বিস্তারিত জানার জন্য আমরা এখনো অপেক্ষা করছি, তবে প্রাথমিকভাবে প্রাপ্ত তথ্যে এটা নিশ্চিত যে উদ্ধার করার আগেই অপহরণকারীরা দু’জনকেই হত্যা করেছে,” বলেন ক্যামেরন।
নাইজেরিয়া সরকারের সহযোগিতায় চালানো ব্যর্থ ব্রিটিশ অভিযানের দায়দায়িত্ব স্বীকার করেছেন ক্যামেরন। ‘অপহৃতদের জীবন সংকটাপন্ন’ এমন সংবাদের ভিত্তিতেই অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেন বলে জানান ক্যামেরন।
গত অগাস্টে নাইজেরিয়ার রাজধানী আবুজায় প্রদর্শিত এক ভিডিওতে গুলিঅস্ত্রসহ পাগড়ি পরিহিত মুখ ঢাকা তিনজন লোকের সামনে হাঁটু গেড়ে চোখবাঁধা অবস্থায় অপহৃত ওই দুই ইউরোপীয়কে দেখানো হয়েছিলো।
ইটালি সরকার জানিয়েছে, উদ্ধার অভিযান শুরু হয়ে যাওয়ার পর অভিযান সম্পর্কে তাদের অবহিত করা হয়, আর অভিযান ব্যর্থ হওয়ার পর অভিযানের “মর্মান্তিক ফলাফল” জানানোর জন্য ক্যামেরন ইটালীয় প্রধানমন্ত্রী মোরিও মোন্তিকে ফোন করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১১২৩ ঘ.
bdnews24