লন্ডন, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ১৯৯০ থেকে ২০১০ সাল পর্যন্ত পাইপযোগে ও সুরক্ষিত কুয়ার উৎস থেকে আরো ২শ’ কোটিরও বেশি মানুষ সুপেয় পানি পাচ্ছে। ফলে বিশ্বের ৬শ’ ১০ কোটি মানুষ এখন পানযোগ্য নিরাপদ পানির আওতায় চলে এসেছে বলে জানিয়েছে জাতিসংঘ।
মঙ্গলবার ইউনিসেফ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রকাশিত এক প্রতিবেদনে বিষয়টি জানানো হয়।
এতে আন্তর্জাতিকভাবে নির্ধারিত সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রায় (এমডিজি) ২০১৫ সালের আগে অনিরাপদ পানি পানে বাধ্য হওয়া মানুষের সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা পূরণ হয়েছে বলে জানিয়েছে ইউনিসেফ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
২০১৫ সালের আগে বিশ্বব্যাপী মানুষের দারিদ্র কমিয়ে আনা ও দরিদ্র মানুষের স্বাস্থ্য উন্নয়নে বিশ্ব স¤প্রদায়ের গৃহীত লক্ষ্যগুলোকে একত্রে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল), সংক্ষেপে এমডিজি বলা হয়।
এই সাফল্যকে বিশ্ববাসীর জন্য এক ‘মহাঅর্জন’ বলে বর্ণনা করেছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন।
“এর মাধ্যমে প্রমাণিত হলো এমডিজি কোনো স্বপ্ন নয়, এটি লাখো মানুষের জীবনমান উন্নয়নের হাতিয়ার,” প্রকাশিত এক বিবৃতিতে বলেন বান কি মুন।
ইউনিসেফ ও ডব্লিউএইচও প্রকাশিত ওই প্রতিবেদনে দেখা যায়, ২০১০ সালের শেষে বিশ্বের ৮৯ শতাংশ (৬শ’ ১০ কোটি) মানুষকে সুপেয় পানির আওতায় আনা গেছে। এক্ষেত্রে এমডিজি লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছিলো ৮৮ শতাংশ, যা ইতিমধ্যেই অতিক্রম করা গেছে।
প্রতিবেদনটিতে প্রকাশিত হিসাবে বলা হয়, এই হার অব্যাহত থাকলে ২০১৫ সালের মধ্যে বিশ্বের ৯২ শতাংশ মানুষ সুপেয় পানির আওতায় আসবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১২৩৬ ঘ.
bdnews24