লন্ডন, মার্চ ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তানের হেলমান্দ প্রদেশে রাস্তার ধারে পেতে রাখা বোমায় একটি টহল গাড়ি বিস্ফোরণে অন্তত ছয় ব্রিটিশ সেনা নিহত হয়েছে বলে বুধবার জানিয়েছেন এক ব্রিটিশ সামরিক কর্মকর্তা।
২০০৬ সালের পর থেকে একক কোনো হামলায় এটাই সর্বাধিক সংখ্যক ব্রিটিশ সেনা নিহতের ঘটনা। এ নিয়ে ২০০১ সালে আফগানিস্তানে মার্কিন নেতৃত্বাধীন অভিযানের পর থেকে এ পর্যন্ত ৪শ’৪ জন ব্রিটিশ সেনা নিহত হল।
ছয় ব্রিটিশ সেনার মধ্যে ৫ জন ইয়র্কশায়ার ব্যাটেলিয়নের থার্ড রেজিমেন্টের সদস্য। অপর সেনা ‘দ্য ডিউক অব ল্যাকাস্টার’ রেজিমেন্টের ফার্স্ট ব্যাটেলিয়নের সদস্য বলে প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।
হেলমান্দের ঊর্ধ্বতন আফগান পুলিশ কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল হোতাক জানান, রাস্তার ধারে জঙ্গিদের পেতে রাখা বোমায় গাড়ি বিস্ফোরণ ঘটেছে।
সেনারা ওই সময় সশস্ত্র যান নিয়ে টহল দিচ্ছিলো বলে জানিয়েছে প্রতিরক্ষামন্ত্রণালয়।
ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী ফিলিপ হ্যামন্ড এক বিবৃতিতে বলেন, “আমাদের জাতীয় নিরাপত্তা ও হেলমান্দ প্রদেশে আইন শৃংখলা পরিস্থিতির সত্যিকারের উন্নয়নে নিয়োজিতদের ওপর এ হামলার তীব্র নিন্দা জানাচ্ছি।”
আফগানিস্তানে প্রায় সাড়ে ৯ হাজার ব্রিটিশ সেনা রয়েছে। ২০১৪ সালের শেষ নাগাদ পর্যায় ক্রমে এ সেনা প্রত্যাহার করে নেবে ব্রিটেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৮০৭ঘ.
bdnews24