স্ট্রিউবেনভিল, মার্চ ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়ন প্রত্যাশী মিট রমনি সুপার টিউসডেতে ৬ টি রাজ্যে জিতে বাজিমাৎ করেছেন। তবে প্রতিপক্ষ রিক সান্তোরামকে ধরাশায়ী করতে পারেননি তিনি।
ওহাইওয় সান্তোরামকে বড় ব্যবধানে হারাতে পারেননি রমনি। ফলে তার প্রবল প্রতিপক্ষ হিসাবে আসন পাকাপোক্ত করেছেন সান্তোরাম।
১০ টি রাজ্যের ভোটে রমনি প্রত্যাশামাফিক জয় পেয়েছেন নিজ রাজ্য ম্যাসাচুসেটস, আইডাহো, ভারমন্ট ও ভার্জিনিয়ায়। ওহাইওয় তিনি জিতেছেন সামান্য ব্যবধানে। আর আলাস্কাতেও তিনি জয়ী হয়েছেন।
প্রতিদ্বন্দ্বী রন পলের প্রত্যাশা ধূলিস্যাৎ করে আলাস্কায় জয়ী হন রমনি। মনোনয়নের দৌড়ে একমাত্র এ রাজ্যটিতেই জয়ের প্রত্যাশা ছিল রন পলের।
ওদিকে, রিক সান্তোরাম জয় পেয়েছেন টেনিসি, ওকলহামা ও নর্থ ডাকোটায়। এ থেকে প্রতীয়মান হয় যে, সামগ্রিকভাবে রিপাবলিকান দলের সমর্থন এখনো আদায় করে উঠতে পারছেন না রমনি। বিশেষ করে দলের যারা তাকে সন্দেহের দৃষ্টিতে দেখে।
আর তাই সুপার টিউসডেতে ৬ রাজ্যে জয় পেয়েও মনোনয়ন দৌড় শেষ করার মতো পর্যাপ্ত বিজয় অর্জন করতে পারেননি রমনি।
সুপার টিউসডের ১০ রাজ্যের ভোটে রমনি ও রিক সান্তোরম ছাড়া আরেক প্রার্থী নিউ গিংরিচ শুধু নিজ রাজ্য জর্জিয়ায়ই জয়ী হয়েছেন।
চলতি বছর ৬ নভেম্বর অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়ন পেতে হলে ১ হাজার ১শ’ ৪৪ ডেলিগেটসের সমর্থন পেতে হবে প্রার্থীদের।
রাজ্যে রাজ্যে অনুষ্ঠিত প্রাইমারি ও ককাস থেকে ৪০৭ ডেলিগেটের সমর্থন পেয়ে এ দৌঁড়ে অনেকটাই এগিয়ে গেছেন রমনি। অপরদিকে, ১৬৯ ডেলিগেটস নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন সান্তোরম।
অগাস্টে রিপাবলিকান দলের সম্মেলন থেকে চূড়ান্ত মনোনয়ন পাওয়া প্রার্থী নভেম্বরের নির্বাচনে মোকাবেলা করবেন ডেমোক্র্যাট প্রেসিডেন্ট বারাক ওবামাকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৬১০ঘ.
bdnews24