২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানে হামলার সিদ্ধান্ত হয়নি: ওবামাকে নেতানিয়াহু

ইরানের পরমাণু স্থাপণায় হামলা চালানোর কোনো সিদ্ধান্ত ইসরায়েল এখনো নেয়নি বলে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে আশ্বস্ত করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2012, 11:21 AM

Updated : 24 Aug 2022, 10:55 AM

ওয়াশিংটন, মার্চ ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-ইরানের পরমাণু স্থাপণায় হামলা চালানোর কোনো সিদ্ধান্ত ইসরায়েল এখনো নেয়নি বলে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে আশ্বস্ত করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে ইরানে সম্ভাব্য সামরিক হামলা থেকে পিছু হটার কোনো ইঙ্গিত নেতানিয়াহু দেননি বলে জানিয়েছেন আলোচনা সংশ্লিষ্ট এক সূত্র। বরং যুক্তরাষ্ট্রে ইসরায়েলপন্থি একটি সম্মেলনে নেতানিয়াহু বলেছেন, ইরানের পরমাণু কর্মসূচি বন্ধ করার সময় ফুরিয়ে আসছে। ওবামার সঙ্গে বৈঠকে নিষেধাজ্ঞা আরোপ করে ইরানের পরমাণু কর্মসূচি বন্ধ করার পক্রিয়া সফল হওয়ার জন্য আরো সময় নিয়ে অপেক্ষা করার ব্যাপারে একমত হয়েছেন নেতানিয়াহু। তবে ইরানকে পরমাণু অস্ত্র তৈরি থেকে কিভাবে বিরত রাখা যায় তা নিয়ে একমত হতে পারেননি দু’নেতা। সোমবার হোয়াইট হাউসে দুই নেতার মধ্যে এক বৈঠক হয়। রুদ্ধদ্বার এ বৈঠকেই ওবামাকে আশ্বস্ত করে নেতানিয়াহু বলেন, “ইরানের পরমাণু স্থাপনায় সামরিক হামলার সিদ্ধান্ত ইসরায়েল এখনো নেয়নি। যদিও সামরিক হামলা চালানোর অধিকার ইসরায়েলের আছে।” ওদিকে, ওবামা সতর্ক করে দিয়ে বলেছেন, নেতানিয়াহু ইসরায়েলকে ‘নিজ ভাগ্য বিধাতা’ বলে দাবি করলেও নিজে আগ বাড়িয়ে পদক্ষেপ নেয়া বন্ধ করতে হবে। তিনি বলেন, “কূটনৈতিক পন্থায় কাজ করে যাওয়ার সময় এখনো আছে।” তবে সব বিকল্পই খোলা আছে বলেও ইঙ্গিত দেন ওবামা। ইরানের পরমাণু কর্মসূচি বন্ধে কি করণীয় সে ব্যাপারে পরস্পরবিরোধী অবস্থান নিয়ে সোমবার হোয়াইট হাউজে মুখোমুখি আলোচনায় বসেন ওবামা ও নেতানিয়াহু। ইসরায়েল ইরানে হামলা চালানোয় দেরী করতে নারাজ। অন্যদিকে, ওবামা আগেই সামরিক পদক্ষেপে না গিয়ে কূটনৈতিক সমাধানের পথ খোলা রাখতে চান। ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন, এখনই সামরিক হামলা সমর্থন না করলে ইরানের পরমাণু কর্মসূচি সীমার মধ্যে রাখার ব্যাপারে যুক্তরাষ্ট্রের কাছ থেকে গ্যারান্টি চায় ইসরায়েল। আর তাই ইরান তাদের পরমাণু কর্মসূচি পরিচালনায় সীমা অতিক্রম করবে না- এ নিশ্চয়তা পাওয়ার জন্য ওয়াশিংটন সফরকালে ওবামাকে চাপ দেয়ার পরিকল্পনা করেন নেতানিয়াহু। গত মাসে ওবামার একজন উপদেষ্টা জেরুজালেম সফরকালে ইসরায়েলের একজন কর্মকর্তা তাকে নেতানিয়াহুর উদ্ধৃতি দিয়ে বলেন, “আপনি যদি চান আমি এখন ইরানে হামলা না চালাই, তবে আমি নিশ্চয়তা চাই। আপনি যদি বলেন, আমরা আপনার দেখভাল করব, সেকথা আপনি যথেষ্ট জোর দিয়ে বলছেন না।” ওদিকে হোয়াইট হাউজ সূত্র আভাস দিয়েছে, ইরান যেনো পরমাণু অস্ত্র তৈরি করতে না পারে এ ব্যাপারে ইসরায়েলকে প্রতিশ্র“তি দিয়েছেন ওবামা। কিন্তু এ ব্যাপারে তিনি কত দূর অগ্রসর হতে প্রস্তুত তা স্পষ্ট নয়। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন, ইরানের ওপর আন্তর্জাতিক অবরোধের ফলে দেশটির ওপর চাপ সৃষ্টি হওয়ায় ওবামা আলোচনাকালে নেতানিয়হুকে সামরিক হামলার বদলে কূটনৈতিক পদক্ষেপ নিতে উদ্বুদ্ধ করেছেন। কিন্তু ইসরায়েলি কর্মকর্তারা বলছেন, ইরান যেভাবে ইউরেনিয়াম সমৃদ্ধ করছে তাতে দেশটির ওপর কার্যকর হামলা চালানোর সময় পেরিয়ে যাচ্ছে। পরমাণু কর্মসূচি নিয়ে বিরোধের জেরে ইসরায়েল কয়েক মাসের মধ্যে ইরানে হামলা চালাতে পারে বলে জল্পনা রয়েছে। ওদিকে, যুক্তাষ্ট্রের রিপাবলিকনরাও ওবামাকে ইরানের ওপর আরো কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৭১৭ঘ.