২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হোমসের বাবা আমরোয় পৌঁছেছে ত্রাণ

সিরিয়ার হোমসে লড়াই বিধ্বস্ত এলাকা বাবা আমরোয় প্রবেশ করতে না পারলেও সেখানে ত্রাণ পৌঁছানোর ব্যবস্থা করেছে রেডক্রস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2012, 11:07 AM

Updated : 24 Aug 2022, 10:54 AM

বৈরুত, মার্চ ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-সিরিয়ার হোমসে লড়াই বিধ্বস্ত এলাকা বাবা আমরোয় প্রবেশ করতে না পারলেও সেখানে ত্রাণ পৌঁছানোর ব্যবস্থা করেছে রেডক্রস। আন্তর্জাতিক রেডক্রস কমিটি (আইসআরসি) জানায়, হোমস থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে আবেল নামের একটি গ্রামে তারা খাদ্য, কম্বল ও ওষুধ বিতরণ করেছে। গ্রামটিতে অনেক লোক এসে আশ্রয় নিয়েছে। কিন্তু রেডক্রসের সদস্যদেরকে বাবা আমরোতে ঢুকতে দেওয়া হয়নি। আইসিআরসি’র দামেস্ক মুখপাত্র সালেহ দাব্বাকেহ বলেন, “আজ রাতের মতো সমাপ্ত। আগামী কাল আবার চেষ্টা করবো।” তবে প্রেসিডেন্ট আসাদের বাহিনী কেনো তাদের ঢুকতে দিচ্ছে না সেকথা জানাতে অস্বীকৃতি জানিয়েছে আইসিআরসি। জাতিসংঘ শরণার্থী সংস্থা জানিয়েছে, যুদ্ধের কারণে প্রায় ২ হাজার সিরীয় প্রতিবেশী লেবাননে পালিয়ে গেছে। সিরিয়াজুড়ে সরকারি বাহিনীর হামলা চলতে থাকায় লেবানন সীমান্তে পালাচ্ছে লোকজন। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরোধী পক্ষের কর্মীরা জানায়, রোববারও সিরিয়া জুড়ে গোলা হামলা ও অন্য ধরনের সহিংসতা চালানো হয়েছে। ফলে একদিনেই লেবাননে পালিয়ে যাওয়া শরণার্থীর সংখ্যা বেড়ে গেছে। গত বছর মার্চে সিরিয়ায় আসাদ বিরোধী বিক্ষোভ শুরু থেকে রোববারই সর্বাধিক সংখ্যক লোক পালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। জাতিসংঘ শরনার্থী সংস্থার মুখপাত্র ডানা স্লেইমান বলেন, “২০১১ সালের এপ্রিলেও সম সংখ্যাক শরণার্থী এসেছিল।” শরণার্থীরা রয়টার্সকে জানিয়েছে, সীমান্তবর্তী শহরগুলোতে গোলা ও গুলি বর্ষণ করছে সেনাবাহিনী। সিরিয়ায় সহিংসতার কারণে উত্তরাঞ্চলের সীমান্তে আরো সেনা মোতায়েন করেছে লেবানন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৭০০ঘ.