এডেন, মার্চ ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইয়েমেনে জোড়া আত্মঘাতী বোমা হামলা এবং এর জেরে আল কায়েদার সংশ্লিষ্ট জঙ্গিদের সঙ্গে সেনাদের সংঘর্ষে অন্তত ৮৫ জন নিহত হয়েছে।
রোববার ইয়েমেনের ইসলামী জঙ্গি অধ্যুষিত দক্ষিণাঞ্চলের আবিয়ান প্রদেশের রাজধানী জিঞ্জিবারে এ ঘটনা ঘটে।
স্থানীয় কর্মকর্তারা ও বাসিন্দারা জানিয়েছেন, জিঞ্জিবার শহরের দক্ষিণ ও পশ্চিমের দুইটি প্রবেশ পথে সেনা অবস্থানের কাছে আত্মঘাতী হামলাকারীরা দুইটি বিস্ফোরক ভর্তি গাড়ি বোমা বিস্ফোরণ ঘটায়।
বিস্ফোরণের পর বন্দর শহর এডেন থেকে জাঞ্জিবারে অতিরিক্ত সেনা পাঠায় ইয়েমেনি সেনাবাহিনী।
হামলা ও সংঘর্ষে ৩৫ সেনা নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এডেনের এক সামরিক হাসপাতাল সূত্র জানিয়েছে, হাসপাতালে নিহত ৩৫ সেনার লাশ আনা হয়েছে। এছাড়া আরো কয়েক ডজন সেনা আহত হয়েছে। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছেন তারা।
আল কায়েদার সঙ্গে সম্পর্কিত আনসার আল শরিয়া হামলা চালিয়েছে বলে জানা গেছে। জঙ্গি এই গোষ্ঠিটি দক্ষিণ ইয়েমেনে তাদের প্রভাব বিস্তার করেছে।
দু’সপ্তাহ আগে ইয়েমেনে প্রেসিডেন্ট নির্বাচনের সময় থেকে চলমান সহিংসতার ধারাবাহিকতায় এ হামলা হয়েছে বলে জানান স্থানীয় কর্মকর্তারা।
ইয়েমেনের নতুন প্রেসিডেন্ট আব্দ রাব্বু মনসুর হাদির জন্য দেশে স্থিতিশীলতা ফেরানোর পথে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এ হামলা। দেশে সাবেক প্রেসিডেন্ট আলি আব্দুল¬াহ সালেহ বিরোধী উত্তাল বিক্ষোভের এক বছর পর হাদি ক্ষমতায় এসে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এবি/এলকিউ/ ঘ.
bdnews24