ঢাকা, মার্চ ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে ভ্লাদিমির পুতিন জয়ী হয়েছেন। এর মধ্যদিয়ে চারবছর পর তৃতীয় বারের মতো দেশটির প্রেসিডেন্ট হতে যাচ্ছেন পুতিন।
পুতিনের নির্বাচনী জয় নিশ্চিত হওয়ার পর মস্কোর রাস্তায় নেমে আসে মানুষের ঢল। তারা শ্লোগান দেয়, ‘আমরা প্রমাণ করেছি, কেউ জোর করে আমাদের ওপর কোনোকিছু চাপিয়ে দিতে পারবে না’, ‘পুতিন আমাদের প্রেসিডেন্ট। আমরা পুতিনকে বিশ্বাস করি।’
তবে বিবিসি জানিয়েছে, অনেকেই মিছিলে অংশ নিতে বাধ্য হয়েছেন বলে কারো কারো ধারণা।
মস্কোর রাস্তায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শহরের বাইরে থেকে বাড়তি ৬ হাজার পুলিশ এনে মোতায়েন করা হয়েছে।
নির্বাচনী কমিশনের হিসাব অনুযায়ী প্রাথমিক ফলাফলে অর্ধেকেরও বেশি ভোটকেন্দ্রে পুতিন ৬৪ ভাগেরও বেশি ভোট পেয়েছেন। আর এতে তিনি নিরঙ্কুশভাবে জয়ী হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বি কমিউনিস্ট পার্টির প্রার্থী গেন্নাদি জুগানভ পেয়েছেন ১৭ শতাংশ ভোট। আর বাকি তিন প্রার্থীর ভোট ১০ শতাংশের কোঠা অতিক্রম করেনি।
এই নির্বাচনে কারচুপির অভিযোগ এনেছেন জুগানভ। এক সংবাদ সম্মেলনে তিনি নির্বাচনকে অগ্রহণযোগ্য বলে উলে¬খ করেছেন।
তবে পুতিনের প্রচার সেলের প্রধান স্তানিস্লাভ গোবোরুখিন এই নির্বাচনকে রাশিয়ার ইতিহাসে সবচেয়ে স্বচ্ছ নির্বাচন বলে দাবি করেছেন।
শনিবার গ্রিনিচ মান সময় ২০টায় (রাত ২টা, বাংলাদেশ সময়) রাশিয়ার পূর্বাঞ্চলীয় তুন্দ্রা এলাকা থেকে ভোট গ্রহণ শুরু হয়। পশ্চিমাঞ্চলীয় কালিনিনগ্রাদ এলাকায় ভোট গ্রহণের পর রোববার গ্রিনিচ মান সময় ১৭টায় (রোববার রাত ১১টা, বাংলাদেশ সময়) সারাদেশে ভোটগ্রহণ শেষ হয়।
সাংবিধানিক বাধ্যবাধকতার জন্য পুতিন ২০০৮ সালে তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে পারেন নি। রাশিয়ার সংবিধান অনুযায়ী, পরপর দুইবার প্রেসিডেন্ট হওয়ার পর একই ব্যক্তি তৃতীয়বার প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে পারবেন না।
২০০৮ সাল থেকে এ পর্যন্ত নিজের মনোনীত নির্বাচিত প্রেসিডেন্ট মেদভেদেভ -এর মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন পুতিন।
আর্কটিক অঞ্চল থেকে প্রশান্ত মহাসাগর পর্যন্ত বিস্তৃত রাশিয়া আয়তনে বিশ্বের সবচেয়ে বড় দেশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/০৯৫০ঘ.
bdnews24