এডেন, মার্চ ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- ইয়েমেনের দক্ষিণাঞ্চলে সামরিক ফাঁড়িতে আল কায়েদা সংশ্লিষ্ট জঙ্গিদের সমন্বিত আত্মঘাতী বোমা হামলায় রোববার অন্তত ৭ সেনা নিহত হয়েছে।
স্থানীয় অধিবাসী ও কর্মকর্তারা জানান, আবেয়ান প্রদেশের রাজধানী জিঞ্জিবারের পশ্চিম প্রবেশপথে একটি সামরিক অবস্থানে বিস্ফোরিত হয় একটি বিস্ফোরকভর্তি যান।
স্থানীয় কর্মকর্তারা মৃতের সংখ্যা ১৫ উল্লেখ করলেও হাসপাতাল সূত্রে নিহতের সংখ্যা ৭ এবং ১২ জন আহত হওয়ার কথা জানানো হয়েছে।
দু’সপ্তাহ আগে ইয়েমেনে প্রেসিডেন্ট নির্বাচনের সময় থেকে চলমান সহিংসতার ধারাবাহিকতায় এ হামলা হয়েছে বলে জানান কর্মকর্তারা।
ইয়েমেনের নতুন প্রেসিডেন্ট আব্দ রাব্বু মনসুর হাদির জন্য দেশে স্থিতিশীলতা ফেরানোর পথে চ্যালেঞ্জ হয়ে দাঁড়াল এ হামলা। দেশে সাবেক প্রেসিডেন্ট আলি আব্দুল্লাহ সালেহ বিরোধী উত্তাল বিক্ষোভের এক বছর পর হাদি ক্ষমতায় এসে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২২১৯ঘ.
bdnews24