হেনরিভিল, মার্চ ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের কয়েকটি রাজ্যে টর্নেডোর আঘাতে মৃতের সংখ্যা বেড়ে অন্তত ৩৯ জনে দাঁড়িয়েছে।
এদের মধ্যে, কেন্টাকিতে ২০ জন, ইন্ডিয়ানায় ১৪ জন, ওহিওতে তিনজন এবং অ্যালাবামা ও জর্জিয়াতে একজন করে নিহতের খবর পাওয়া গেছে বলে সরকারিভাবে জানানো হয়েছে।
বিভিন্ন রাজ্যে ঝড়ের প্রবল আঘাতে ঘরবাড়ি, বিদ্যালয় ও কারাগারসহ বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্থ হয়েছে। শনিবার টর্নেডো দুর্গত এলাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখছিলেন উদ্ধারকর্মী ও স্থানীয় অধিবাসীরা।
ক্ষতিগ্রস্থ দক্ষিণাঞ্চলীয় এলাকা পরিদর্শন করে ইন্ডিয়ানার গভর্নর মিচ ড্যানিয়েলস বলেন, “প্রকৃতির এমন ভয়াবহ রূপের সঙ্গে আমরা অপরিচিত নই। তবে গভর্নর নির্বাচিত হওয়ার পর গত কয়েক বছরে এত ভয়ংকর রূপ আমি দেখিনি।”
হোয়াইট হাউস জানিয়েছে, ক্ষতিগ্রস্থদের প্রতি সমবেদনা জানাতে ইন্ডিয়ানা, কেন্টাকি ও ওহিও’র গভর্নরদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। পাশাপাশি যেকোনো প্রয়োজনে সাহায্য করতে কেন্দ্রীয় সরকারও প্রস্তুত আছে বলে নিশ্চিত করেছেন তিনি।
টেলিভিশনে দেখা গেছে, ইন্ডিয়ানা ও কেন্টাকির সবচেয়ে ক্ষতিগ্রস্থ শহরগুলির ঘরবাড়িতে ফাটল ধরেছে ও গাছপালাগুলো উপড়ে পড়েছে। ইন্ডিয়ানাতে স্কুলের একটি বাস একটি ভবনে ঢুকে পড়েছে ।
লুইসভিলের কোসেইর শিশু হাসপাতালের মুখপাত্র সিস গ্রুয়েবেল জানান, ইন্ডিয়ানার দক্ষিণপূর্ব এলাকা থেকে ঝড়ে মারাত্মকভাবে আহত দুই বছরের এক শিশুকে উদ্ধার করা হয়েছে। বাবা মা, এক ভাই ও বোনসহ পরিবারের সবাই মারা গেলেও সৌভাগ্যক্রমে বেঁচে আছে সে।
জাতীয় আবহাওয়া বিভাগ শঙ্কা প্রকাশ করে বলেছে, গত বছরের মতো চলতি বছরটিও টর্নেডোর আঘাত হানা আরো একটি ভয়াবহ বছরে পরিণত হতে পারে।
গত বছর টর্নেডোর আঘাতে যুক্তরাষ্ট্র জুড়ে ৫৫০ জনের মৃত্যু হয়। পূর্ববর্তী একশ বছরের মধ্যে যা সর্বোচ্চ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এবি/এএমটি/১৫০০ ঘ.
bdnews24