২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিরক্ষা বাজেট আরো বাড়াচ্ছে চীন

চলতি অর্থবছরে সামরিক বাজেট ১১ দশমিক ২ শতাংশ বাড়িয়ে ১’শ ১০ বিলিয়ন ডলার করার সিদ্ধান্ত নিয়েছে চীন সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2012, 09:19 AM

Updated : 24 Aug 2022, 10:54 AM

বেইজিং, মার্চ ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- চলতি অর্থবছরে সামরিক বাজেট ১১ দশমিক ২ শতাংশ বাড়িয়ে ১’শ ১০ বিলিয়ন ডলার করার সিদ্ধান্ত নিয়েছে চীন সরকার। এর মধ্য দিয়ে চীনের প্রতিরক্ষা বাজেট এই প্রথম ১শ’ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাচ্ছে। রোববার চীনের পার্লামেন্টের মুখপাত্র লি ঝাওজিং এক সংবাদ সম্মেলনে সরকারের এ সিদ্ধান্তের কথা জানান। বেইজিং দু’দশক ধরে প্রতি বছর প্রতিরক্ষা বাজেট বাড়িয়ে প্রতিরক্ষা খাতে বিশ্বে যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয়-বৃহত্তম অবস্থানে উঠে এসেছে। গত বছর চীনের প্রতিরক্ষা বাহিনীর (পিপল’স লিবারেশন আর্মি) বাজেট ১২ দশমিক ৭ শতাংশ বাড়ানো হয়েছিলো। বিমানবাহী রণতরী চীনের এ বাজেট বৃদ্ধিতে বিশ্বের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বলে দাবি করেছেন লি। এ প্রসঙ্গে তিনি বলেন, “চীনের মোট জনসংখ্যা ১শ’৩০ কোটি। ভৌগলিকভাবে দেশটি অনেক বড়, সমুদ্রসীমাও অনেক দীর্ঘ। কিন্তু অন্যান্য উল্লেখযোগ্য দেশের তুলনায় আমাদের প্রতিরক্ষা ব্যয় অত্যন্ত কম।” তিনি আরো বলেন, “জিডিপির অংশ হিসেবে ২০১১ সালে চীনের প্রতিরক্ষা খাতে ব্যয় ধরা হয়েছিলো মাত্র ১ দশমিক ২৮ শতাংশ। অথচ যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও অন্যান্য দেশে এটা ২ শতাংশের বেশি।” কমিউনিস্ট পার্টির নেতৃত্বাধীন ন্যাশনাল পিপল’স কংগ্রেসের বার্ষিক অধিবেশনের প্রাক্কালে লি বলেন, “শান্তিপূর্ণ উন্নয়নের পথে অঙ্গীকারাবদ্ধ চীন আত্মরক্ষামূলক প্রতিরক্ষা নীতি অনুসরণ করে। চীনের সীমিত সামরিক ক্ষমতা আমাদের জাতীয় সার্বভৌমত্ব, নিরাপত্তা ও ভূমির অখন্ডতা রক্ষার নিমিত্তে।” “বাস্তবিক অর্থে আমাদের প্রতিরক্ষা বাহিনী অন্য কোনো দেশের জন্য হুমকি নয়,” বলেন তিনি। ন্যাশনাল পিপল’স কংগ্রেসের বার্ষিক ওই অধিবেশনে দেশের নতুন এ প্রতিরক্ষা বাজেট পেশ করা হবে। চীনের ক্রমবর্ধমান সামরিক সক্ষমতা বৃদ্ধিতে জাপান, ভারত ও দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রতিবেশী দেশগুলো উদ্বিগ্ন। সামরিক খাতে দেশটির নতুন এ বাজেট বৃদ্ধিতে প্রতিবেশীদের উদ্বেগ আরো বাড়বে বলেই বিশ্লেষকদের ধারণা। এ বিষয়ে জাপানের ওসাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক নিরাপত্তা গবেষক কাজুয়া সাকামোতো বলেন, “১৪টি দেশের সঙ্গে চীনের সীমান্ত আছে, দেশটি বোঝাতে চাইছে যে, এরকম অবস্থানের একটি দেশের পক্ষে শক্তিশালী নিয়মিত বাহিনী থাকাটা স্বাভাবিক।” “কিন্তু এই পরমাণু অস্ত্রের যুগে, পরমাণু অস্ত্রের সক্ষমতা থাকার পরও চীনা প্রতিরক্ষা বাহিনীর এ প্রসার গ্রহণযোগ্য নয়,” বলেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এবি/এলকিউ/১৫০৮ঘ.