বৈরুত, মার্চ ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- টানা ২৬ দিনের হামলার পর শুক্রবার সিরিয়ার বিধ্বস্ত হোমস শহরে পৌঁছানো আন্তর্জাতিক রেডক্রসের ত্রাণবহর ত্রাণ সরবরাহে বাধার মুখে পড়েছে। কর্তৃপক্ষ আগে বাবা আমরো এলাকায় ত্রাণ সরবরাহে সম্মতি দিলেও পরে এ অনুমতি দিতে অস্বীকৃতি জানিয়েছে।
বাবা আমর এলাকায় ত্রাণবহর প্রবেশে এ বাধা মেনে নেওয়া যায় না বলে সিরিয়াকে জানিয়েছেন রেডক্রসের প্রেসিডেন্ট জ্যাকব কেলেনবার্গার।
আন্তর্জাতিক রেডক্রস কমিটি জানিয়েছে, তাদের ত্রাণবহর বোমা হামলা বিধ্বস্ত শহরটির কাছে পৌঁছেছে। কিন্তু শহরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
এক বিবৃতিতে জ্যাকব বলেন, “কয়েক সপ্তাহ ধরে জরুরি সাহায্যের অপেক্ষায় থাকা মানুষগুলো এখনো কোনো সাহায্য পাচ্ছে না- এটা মেনে নেওয়া যায় না।”
“আমরা খুব শিগগিরিই বাবা আমরোয় প্রবেশের আশায় আজ রাতে হোমসেই থেকে যাচ্ছি”, বলেন তিনি।
ত্রাণ সরবরাহে করতে দিতে কর্তৃপক্ষের এ কালক্ষেপণের কারণ সম্পর্কে হোমসের এক আন্দোলনকর্মী অভিযোগ করে বলেছেন, “বাবা আমরো এলাকায় সিরিয়ার সেনাবাহিনী যে অপকর্ম করেছে তার চিহ্ণ মুছে ফেলতেই ত্রাণবহর শহরটিতে প্রবেশ করতে দিতে দেরি করা হচ্ছে।”
তিনি জানান, কাছাকাছি এলাকায় ১৪ থেকে ৫০ বছর বয়সের সব মানুষকে ধরে নিয়ে গেছে সেনারা। তাদের সবাইকেই মেরে ফেলা হবে বলে আশঙ্কা করা হচ্ছে।
আরেক আন্দোলনকর্মী বলেন, “হত্যাযজ্ঞ চলছে। তারা নির্যাতন করছে এবং একের পর এক মানুষ মারছে।”
টানা ২৬ দিনের হামলার মুখে প্রেসিডেন্ট বাশার আল আসাদ বিরোধী ফ্রি সিরিয়ান আর্মির সদস্যরা হোমস শহরের ঘাঁটি ছেড়ে চলে যাওয়ার পর আন্তর্জাতিক রেডক্রস সদস্যদের সেখানে ত্রাণ তৎপরতা শুরুর অনুমতি দেয় কর্তৃপক্ষ।
রেডক্রস এবং সিরিয়ার রেডক্রিসেন্ট মিলে ৭ ট্রাক ত্রাণবহরের ব্যবস্থা করেছে। লড়াইবিক্ষুব্ধ অঞ্চল থেকে আহতদের উদ্ধারেরও পরিকল্পনা রয়েছে তাদের।
সিরিয়ার রেডক্রিসেন্ট ত্রাণকার্যক্রম পরিচালক খালেদ আর্কসুসি এএফপি বার্তা সংস্থাকে বলেছেন, ত্রাণবহরে খাবার, ওষুধ, কম্বল, শিশুদের জন্য দুধ ও অন্যান্য সাজ সরঞ্জাম পাঠানো হয়েছে।
প্রথমে এ ত্রাণবহর বাবা আমরোয় প্রবেশের অনুমতি দেওয়া হলেও পরে তা ওই এলাকায় প্রবেশে বাধা দেওয়া হয়।
মানবাধিকার সংস্থাগুলো বলছে, বিদ্রোহী বাহিনীর যে সদস্যরা অন্যদের পালিয়ে যেতে সাহায্য করার জন্য এখনো বাবা আমর জেলায় অবস্থান করছেন, তাদের খুঁজে বেরে করে হত্যা করতে শুরু করেছে আসাদের অনুগত বাহিনী। তবে কোনো নিরপেক্ষ সূত্েের ক নিশ্চিত করা যায়নি এ তথ্য।
আসাদ সরকারের একজন কর্মকর্তা বলেছেন, সরকারি বহিনী বিদ্রোহীদের মেরুদণ্ড ভেঙে দিয়েছে। সিরিয়া যে ‘পশ্চিমা সমর্থনপুষ্ট’ সন্ত্রাসবাদের বিরুদ্ধে জয়ী হয়েছে- শহর ছেড়ে বিদ্রোহীদের পলায়নই তার প্রমাণ।
মানবাধিকার সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, অন্তত ১৭ জন বিদ্রোহীর লাশ পড়ে থাকতে দেখা গেছে বাবা আমরের বিভিন্ন অংশে। বিদ্রোহীদের অধিকাংশই সরে গেলেও মাঝে মধ্যেই গুলির শব্দ পাওয়া যাচ্ছে।
জাতিসংঘের হিসেব অনুযায়ী, গত বছরের মার্চ মাসে শুরু হওয়া আসাদবিরোধী আন্দোলন দমন করতে দেশটির সরকারি বাহিনী সাড়ে ৭ হাজারেরও বেশি বেসামরিক মানুষকে হত্যা করেছে।
অন্যদিকে সিরিয়া সরকারের দাবি, ‘সশস্ত্র সন্ত্রাসীরা’ এই সময়ে ২ হাজারেরও বেশি সৈন্য ও পুলিশকে হত্যা করেছে।
দামেস্কর ঘনিষ্ঠ এক লেবানিজ কর্মকর্তা বলেছেন, হোমসে বিদ্রোহীদের পরাজয় ঘটায় সিরিয়ায় তাদের আর কোনো শক্ত ঘাঁটি থাকলো না। ফলে আসাদের জন্য সংকট সামাল দেওয়া সহজ হয়ে গেল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেকে/এলকিউ/০০১০ঘ.
bdnews24