২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়ার নতুন পররাষ্ট্রমন্ত্রী বব কার

নিউ সাউথ ওয়েলস রাজ্য সরকারের সাবেক প্রধান বব কারকে অস্ট্রেলিয়ার নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2012, 07:51 AM

Updated : 24 Aug 2022, 10:53 AM

ক্যানবেরা, মার্চ ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নিউ সাউথ ওয়েলস রাজ্য সরকারের সাবেক প্রধান বব কারকে অস্ট্রেলিয়ার নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড। কার ওই পদে কেভিন রাডের স্থলাভিষিক্ত হচ্ছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে গত সপ্তাহে পররাষ্ট্রমন্ত্রীর পদ ছাড়তে বাধ্য হন কেভিন রাড। এরপর পর্টির নেতৃত্ব নিয়ে ভোটাভুটিতে গিয়েও গিলার্ডের কাছে পরাজিত হন তিনি। ২০১০ সালে পার্টির নেতৃত্ব নিয়ে আরেক ভোটাভুটিতে হেরেই অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীত্ব খুইয়েছিলেন কেভিন রাড। শুক্রবার নতুন পররাষ্ট্রমন্ত্রীর নাম ঘোষণা করে প্রধানমন্ত্রী গিলার্ড জানান, সিনেটের অধিবেশনে যোগ দেওয়ার পর পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নেবেন বব কার। ১৯৯৫ থেকে ২০০৫ সাল পর্যন্ত অস্ট্রেলিয়ার সবচেয়ে জনবহুল রাজ্য নিউ সাউথ ওয়েলসের সরকার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন বব কার। ২০০০ সালে সিডনি অলিম্পিক সফলভাবে সম্পন্ন করার ক্ষেত্রেও তার যোগ্য নেতৃত্ব ভূমিকা রাখে। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়ার প্রতিক্রিয়ায় তিনি জানান, বৃহস্পতিবার সকালে গিলার্ড যখন তাকে মন্ত্রিসভায় আসার প্রস্তাবটি দেন, তিনি তা ফেলতে পারেননি। শুক্রবার এক সংবাদ সম্মেলনে বব কার বলেন, “আসলে আমাদের ইচ্ছে অনুযায়ী সব কিছু ঘটে না। প্রায়ই এমন হয় যে- সময়ই আমাদের বেছে নেয়।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/জেকে/১৩৪০ ঘ.