কাবুল, মার্চ ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তানে বৃহস্পতিবার দুই ন্যাটো সেনাকে গুলি করে হত্যা করেছে দুই আফগান। এদের একজন আফগান সেনা বলে ধারণা করছে ন্যাটো।
আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে এ ঘটনা ঘটে। আবারো ন্যাটো সেনা হত্যার ফলে আফগানিস্তানের নিরাপত্তা বাহিনীর কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে।
আফগানিস্তানে কোরান পোড়ানোর খবরকে কেন্দ্র করে বিক্ষোভ ছড়িয়ে পড়ার পর থেকে এ নিয়ে ৬ ন্যাটো সেনা কর্মকর্তা নিহত হল।
এর আগে শনিবার আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দুই ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তাকে গুলি করে হত্যা করা হয়।
আফগান পুলিশের এক গোয়েন্দা কর্মকর্তা ওই কাণ্ড ঘটিয়েছে বলে দেশটির নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৬১০ঘ.
bdnews24