আম্মান, মার্চ ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রযটার্স)- বিদ্রোহীদের প্রতিরোধ ভেঙ্গে বৃহস্পতিবার সিরিয়ার হোমস শহরে প্রবেশ করেছে প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত এলিট বাহিনী। অন্যদিকে, বিদ্রোহীরা তাদের জন্য প্রার্থনা করতে সবার প্রতি আহ্বান জানিয়েছে।
তিন সপ্তাহেরও বেশি সময় ধরে এ এলাকায় অব্যাহত অবরোধ ও গোলাবর্ষণের পর বিদ্রোহীদের ওপর এটাই চূড়ান্ত হামলা বলে মনে করা হচ্ছে।
বিদ্রোহী ফ্রি সিরিয়ান আর্মির এক কর্মকর্তা মোহাইমেন আল-রুমেদ রয়টার্সকে বলেন, বাবা আমরো জেলায় বিদ্রোহীরা ৭ হাজারেরও বেশি সরকারি সেনার বিরুদ্ধে লড়াই করছে। এছাড়া বিদ্রোহীরা সিরিয়ায় যেকোন স্থানে আরো বেশি করে হামলা চালানোর অঙ্গীকারও করেছে।
তুরস্ক থেকে তিনি বলেন, “সরকারের সমর্থন ভেঙ্গে দিতে বাবা আমরো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সিরিয়ার সবাই এখন এ এলাকায় আসছে।”
বিদ্রোহীরা জানায়, কয়েক ঘণ্টার বিক্ষিপ্ত গোলাবর্ষণের পর শহরে আবারো প্রচণ্ড গোলাগুলি শুরু হয়েছে।
তারা জানায়, উত্তরাঞ্চলীয় হাকুরা এলাকা দিয়ে বাবা আমরোতে সরকারি বাহিনীর প্রবেশের চেষ্টা প্রতিহত করেছে বিদ্রোহীরা। তবে কূটনীতিকরা এর আগে জানায়, সিরিয়ার ৪র্থ আর্মার্ড ডিভিশন এ জেলায় আক্রমণ চালাতে দৃঢ় প্রতিজ্ঞ।
ফ্রি সিরিয়ান আর্মির পর্যবেক্ষক উচ্চতর সামরিক পরিষদের সদস্য রুমেদ জানান, ভারি অস্ত্র ও রকেটে সজ্জিত সরকারি বাহিনীর বিরুদ্ধে মেশিনগান ও মর্টার দিয়ে প্রতিরোধ চালাচ্ছে বিদ্রোহীরা। আর তারা প্রতিরোধ অব্যাহত রাখারও ঘোষণা দিয়েছে।
বিদ্রোহীরা জানায়, হোমস জেলায় কয়েকশ’ বেসামরিক লোককে হত্যা করা হয়েছে। আর গত ৪ ফেব্রুয়ারি থেকে বাবা আমরোতে গোলা ও রকেট হামলা চালানো হচ্ছে।
তবে সিরিয়ায় গণমাধ্যমের ওপর কঠোর সরকারি নিষেধাজ্ঞা থাকায় এসব তথ্যের যথার্থতা যাচাই করা সম্ভব হচ্ছে না।
এদিকে হোমসে আটকে পড়া বেসামরিক জনগনের বিষয়ে পশ্চিমা ও আরব দেশগুলো উদ্বেগ প্রকাশ করেছে। ইতোমধ্যেই তারা আসাদের পদত্যাগ ও রক্তপাত বন্ধের আহ্বান জানিয়েছে।
জাতিসংঘের হিসেব অনুযায়ী, গত বছরের মার্চ মাসে শুরু হওয়া আসাদবিরোধী আন্দোলন দমন করতে দেশটির সরকারি বাহিনী সাড়ে ৭ হাজারেরও বেশি বেসামরিক মানুষকে হত্যা করেছে। এদিকে সিরিয়ার সরকার জানায়, বিদ্রোহ চলাকালে ‘সশস্ত্র সন্ত্রাসীরা’ ২ হাজারেরও বেশি সৈন্য ও পুলিশকে হত্যা করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১২৪২ ঘ.
bdnews24