২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পরমাণু বোমা তৈরি ‘মহাপাপ’: ইরান

ইরান তাদের পরমাণু কর্মসূচি নিয়ে ক্রমবর্ধমান আন্তর্জাতিক চাপের মুখে জাতিসংঘের আণবিক শক্তি সংস্থার সঙ্গে আরো আলোচনার আহ্বান জানানোর পাশাপাশি পারমাণবিক অস্ত্র তৈরিকে ‘মহাপাপ’ বলে এর নিন্দা করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Feb 2012, 11:21 AM

Updated : 24 Aug 2022, 10:53 AM

জেনেভা, ফ্রেবুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরান তাদের পরমাণু কর্মসূচি নিয়ে ক্রমবর্ধমান আন্তর্জাতিক চাপের মুখে জাতিসংঘের আণবিক শক্তি সংস্থার সঙ্গে আরো আলোচনার আহ্বান জানানোর পাশাপাশি পারমাণবিক অস্ত্র তৈরিকে ‘মহাপাপ’ বলে এর নিন্দা করেছে। জাতিসংঘ আয়োজিত জেনেভার পরমাণু নিরস্ত্রীকরণ সম্মেলনে মঙ্গলবার এক বক্তব্যে একথা বলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আলি আকবর সালেহি। তিনি বলেন, “আমি আবারো খুলে বলতে চাই, পরমাণু অস্ত্র থাকার মাঝে আমরা কোন অহংকার, গর্ব বা ক্ষমতা দেখতে পাই না, ঠিক বিপরীত ব্যাপার শান্তি হচ্ছে আমাদের সর্বোচ্চ ধর্মীয় নেতার অনুশাসন। পরমাণু অস্ত্র উৎপাদন, সংরক্ষণ, ব্যবহার বা ব্যবহারের হুমকি দেওয়া বেআইনি, অনর্থক, ক্ষতিকর, বিপজ্জনক এবং ‘মহামাপ’ বলে নিষিদ্ধ।” পশ্চিমাদের সন্দেহ, ইরান বেসামরিক পরমাণু কর্মসূচির আড়ালে বোমা তৈরি করছে। তবে ইরান বরাবরই এ অভিযোগ অস্বীকার করে বলে আসছে তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ। কিন্তু গত সপ্তাহে জাতিসংঘ আণবিক শক্তি সংস্থা (আইএইএ)’র এক রিপোর্টে বলা হয় ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বাড়িয়েছে। গত সপ্তাহে আইএইএ’র একটি পরিদর্শক দলও ইরানে যায়। কিন্তু তাদের সঙ্গে পরমাণু কর্মসূচি নিয়ে ইরানের আলোচনা আগায়নি। আইএইএ’ও নির্ধারিত আর কোনো আলোচনার কথা জানায়নি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে বলেছেন, আলোচনা অব্যাহত থাকবে এবং সঠিক পথেই আলোচনা এগোবে বলে তিনি আশা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৭১১ঘ.