২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওবামার নয়া নির্দেশনা জারি

আল কায়েদার সঙ্গে জড়িত সন্দেহে আটক সব ব্যক্তিকে মার্কিন সামরিক হেফাজতে না রাখা সংক্রান্ত নতুন এক নীতিমালা জারি করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Feb 2012, 06:05 AM

Updated : 24 Aug 2022, 10:53 AM

ওয়াশিংটন, ফেব্রুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আল কায়েদার সঙ্গে জড়িত সন্দেহে আটক সব ব্যক্তিকে মার্কিন সামরিক হেফাজতে না রাখা সংক্রান্ত নতুন এক নীতিমালা জারি করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। মঙ্গলবার জারি হওয়া নতুন এই নীতিমালা অনুযায়ী, মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট কোনো বিষয়ে হামলা চালানোর অভিযোগে মার্কিন আইন রক্ষাকারী বাহিনীর হাতে আটক আল কায়েদার সন্দেহভাজন সদস্য এবং অন্য কোনো দেশের সরকার যদি আটক ব্যক্তিদেরকে মার্কিন সামরিক নিয়ন্ত্রণে পাঠাতে না চায় তাহলে তাদেরকেও পেন্টাগনের অধীনে রাখার কোনো প্রয়োজন নেই। এছাড়া আটক ব্যক্তি যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দা হলে অথবা তাদেরকে সামরিক হেফাজতে হস্তান্তর করলে অপরাধ স্বীকার করা অথবা সহযোগিতা করার সুযোগ যদি কমে যায় তাহলেও তাদেরকে সামরিক হেফাজতে রাখার প্রয়োজন নেই। নতুন এ নীতিমালায় ওবামা বলেন, “সন্দেহভাজন সন্ত্রাসীদের সামরিক হেফাজতে রাখার দৃঢ়, অনমনীয় অবস্থান যুক্তরাষ্ট্রের নিরাপত্তা স্বার্থকে ব্যাহত করতে পারে।” হোয়াইট হাউস জানায়, ওবামা যেসব নীতিমালা প্রণয়ন করেছেন তাতে এটা নিশ্চিত করা হয়েছে যে, প্রেসিডেন্টের ঊর্ধ্বতন জাতীয় নিরাপত্তা দল প্রাসঙ্গিক সব বিষয়ে বিস্তৃত মূল্যায়নের পরই কেবল আল কায়েদার সন্দেহভাজন কোনো ব্যক্তিকে বেসামরিক হেফাজত থেকে সামরিক হেফাজতে হস্তান্তর করা হবে। ওবামার নতুন এই আদেশে অন্যান্য জাতীয় নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে পরামর্শ করে কোনো মামলার পরিপ্রেক্ষিতে অপরাধী স্থানান্তরের অনুমতিও দেওয়া হয়েছে অ্যাটর্নি জেনারেলদের। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১১৫৯ ঘ.