২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আর অপহরণ করবে না ফার্ক

মুক্তিপণের জন্য আর কখনো অপহরণ করবে না বলে ঘোষণা দিয়েছে কলাম্বিয়ার বামপন্থী বিদ্রোহী গোষ্ঠী ফার্ক। একইসঙ্গে জঙ্গলের শিবিরে বন্দি করে রাখা সামরিক বাহিনী ও পুলিশের সব জিম্মিকে মুক্তি দেবে বলেও জানিয়েছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2012, 07:58 AM

Updated : 24 Aug 2022, 10:52 AM

বোগোতা, ফেব্রুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মুক্তিপণের জন্য আর কখনো অপহরণ করবে না বলে ঘোষণা দিয়েছে কলাম্বিয়ার বামপন্থী বিদ্রোহী গোষ্ঠী ফার্ক। একইসঙ্গে জঙ্গলের শিবিরে বন্দি করে রাখা সামরিক বাহিনী ও পুলিশের সব জিম্মিকে মুক্তি দেবে বলেও জানিয়েছে তারা। ‘দ্য রেভ্যুলিউশনারি আর্মড ফোর্সেস অব কলাম্বিয়া’ বা ফার্ক নামে পরিচিত বিদ্রোহী এই গোষ্ঠীর এমন ঘোষণার ফলে সংগঠনটি শান্তির পথে আসতে চাচ্ছে বলেই মনে করা হচ্ছে। লাতিন আমেরিকার সবচেয়ে বড় ও পুরনো এই বিদ্রোহী গোষ্ঠীর হাতে বর্তমানে সামরিক বাহিনীর চার সদস্য ও ছয় পুলিশ কর্মকর্তাসহ কয়েকশ’ বেসামরিক জিম্মি রয়েছে। সরকারের বিরুদ্ধে লড়াইয়ের তহবিল গঠনের লক্ষ্যেই ফার্ক এ অপহরণ কার্যক্রম চালিয়ে থাকে। চলতি বছর ২৬ ফেব্রুয়ারি ‘মাউন্টেনস অব কলাম্বিয়া’ থেকে দেয়া এক বিবৃতিতে ফার্ক জানায়, “আমাদের লড়াই চালিয়ে যাওয়ার অর্থ সংস্থানের জন্য আমরা বেসামরিক জনগণের মধ্যে থেকে অনেক নারী ও পুরুষকে অপহরণ করেছি। এখন থেকে আমাদের বিপ্লবী কার্যক্রম থেকে অপহরণের বিষয়টি বাদ দিচ্ছি।” এদিকে এ টুইটে ফার্কের এ ঘোষণা সম্পর্কে কলাম্বিয়ার প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সান্তোস বলেন, “ফার্কের অপহরণ বন্ধের ঘোষণাকে আমরা মূল্য দিচ্ছি। সঠিক পথের নির্দেশনার জন্য এটা জরুরী ও গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। তবে এটাই যথেষ্ঠ নয়।” তবে মুক্তিপণের জন্য জিম্মি বেসামরিকদের কী করা হবে সে বিষয়ে কিছু জানায় নি ফার্ক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১৩৫৪ ঘ.