লস অ্যাঞ্জেলেস, ফেব্রুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- এবারের অস্কারে বিদেশি ভাষার সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতে নিয়েছে ইরানের ‘অ্যা সেপারেশন’।
ইরানি কোনো চলচ্চিত্রের এটাই প্রথম অস্কার জয়।
লস এঞ্জেলেসের কোডাক থিয়েটারে রোববার সন্ধ্যা থেকে (বাংলাদেশ সময় সোমবার সকাল) জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে অস্কার বিজয়ীদের নাম ঘোষণা চলছে। সেরা অভিনেত্রা-অভিনেত্রী, সেরা চলচ্চিত্র, সেরা নির্মাতার পুরস্কার ঘোষণা এখনো বাকি।
কানসহ ইউরোপের বিভিন্ন উৎসবে পুরস্কার পেলেও অস্কার অধরা ছিল ইরানি চলচ্চিত্রকারদের জন্য। এর আগে মধ্যপ্রাচ্যের এই দেশটির একটি চলচ্চিত্র অস্কারে মনোনয়ন পেলেও পুরস্কার জয় করতে পারেনি। রোববার সেই আক্ষেপ কাটল।
ইরানি নির্মাতা আসগর ফরহাদির চিত্রনাট্য ও পরিচালনায় একটি বিয়ে বিচ্ছেদকে কেন্দ্র করে এই চলচ্চিত্রটি আবর্তিত হয়েছে। এর আগে গোল্ডেন গ্লোব পুরস্কারও জিতেছে এটি।
পুরস্কার জয়ের অনুভূতি প্রকাশ করে পরিচালক ফরহাদি বলেন, “এই মুহূর্তে বিশ্বের নানা প্রান্ত থেকে অনেক ইরানি আমাদের দেখছে এবং আমি কল্পনা করতে পারছি, তারা অত্যন্ত আনন্দিত।”
এবারের অস্কারের আর একটি উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে। আর তা হচ্ছে, এবার সবচেয়ে বয়সী ব্যক্তি হিসেবে শ্রেষ্ঠ পার্শ্বঅভিনেতার পুরস্কার জয় করেছেন ক্রিস্টোফার প্লামার। কানাডিয়ান এই অভিনেতার বর্তমান বয়স ৮২ বছর।
এ ছাড়াও অক্টাভিও স্পেনসার শ্রেষ্ঠ পার্শ্বঅভিনেত্রীর পুরস্কার জয় করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১০১০ ঘ.
bdnews24