২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ড্রোন ভূপাতিত করার দাবি তালেবানের

পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে আফগান সীমান্তের কাছে শনিবার রাতে যুক্তরাষ্ট্রের একটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে তালেবান। তবে যুক্তরাষ্ট্র তা অস্বীকার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2012, 07:08 AM

Updated : 24 Aug 2022, 10:51 AM

পেশোয়ার, ফেব্রুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে আফগান সীমান্তের কাছে শনিবার রাতে যুক্তরাষ্ট্রের একটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে তালেবান। তবে যুক্তরাষ্ট্র তা অস্বীকার করেছে। পাকিস্তানের গোয়েন্দা কর্মকর্তারাও যুক্তরাষ্ট্রের একটি ড্রোন ভূপাতিত হওয়ার খবর স্বীকার করেছেন। তবে কেন এটি ভূপাতিত হল, তা জানাতে পারেননি তারা। পাক-আফগান সীমান্তে তালেবান ঘাঁটিতে প্রায় চালকবিহীন বিমান বা ড্রোন থেকে গোলাবর্ষণ করে আসছে যুক্তরাষ্ট্র বাহিনী। এরই একটি ভূপাতিত করার দাবি করল তালেবান। হাফিজ গুল বাহাদুরের নেতৃত্বাধীন তালেবান জঙ্গিরা জানিয়েছে, তারা বিধ্বস্ত ড্রোনটির খণ্ডাংশ সংগ্রহ করেছেন, এর ছবি রোববার গণমাধ্যমে প্রকাশ করা হবে। ড্রোনটি যেখানে বিধ্বস্ত হয়েছে সেই মাচিখেল এলাকার স্থানীয় এক তালেবান কমান্ডার বলেন, “খুব নিচ দিয়ে উড়ে যাওয়ার সময় আমাদের যোদ্ধারা গুলি করে এটিকে ভূপাতিত করে। এ ধরনের কাজের জন্য তাদের ট্রেনিং দেওয়া হয়েছে।” তালেবানের এই দাবি নাকচ করেছেন ওয়াশিংটনের কর্মকর্তারা। তবে এই বিষয়ে বিস্তারিত কিছু বলতেও অস্বীকৃতি জানিয়েছেন তারা। সিআইএ’র পক্ষ থেকেও এ বিষয়ে কোনো মন্তব্য আসেনি। তালেবানের দাবি কোনো নিরপেক্ষ সূত্রের মাধ্যমে যাচাই করাও সম্ভব হয়নি। তবে পাকিস্তানের এক গোয়েন্দা কর্মকর্তা বলেন, মাচিখেল এলাকায় একটি ড্রোনকে নিচের দিকে পড়ে যেতে দেখা গেছে, তারপর আগুনের শিখাও দেখা গেছে। “কীভাবে এটি বিধ্বস্ত হল, আমরা জানি না। ঘটনাটি তদন্ত করা হচ্ছে,” বলেন নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা। অন্য এক কর্মকর্তা জানান, ড্রোনটি যে এলাকায় ভূপাতিত হয়েছে, তা তালেবান নিয়ন্ত্রিত এলাকা। স্থানীয় তালেবান কমান্ডার জানান, তারা বিধ্বস্ত ড্রোনটির অর্ধেকের মতো খণ্ডাংশ সংগ্রহ করার পরপরই পাকিস্তানি সৈন্যরা সেখানে হাজির হন। তখন তারা ওই এলাকা ছেড়ে চলে যান। “এরপর আলো জ্বেলে সেনারা ড্রোনটির অবশিষ্টাংশ খুঁজতে শুরু করে,” বলেন তিনি। ঘটনাস্থলের কাছাকাছি উপস্থিত এক নিরাপত্তা কর্মকর্তা জানান, বিধ্বস্ত হওয়ার পর ড্রোনটির দুটি ক্ষেপণাস্ত্র বিস্ফোরিত হয়, তবে তাতে কেউ হতাহত হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এমআই/১৩০৬ ঘ.