পেশোয়ার, ফেব্রুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানে যে বাড়িটিতে লুকিয়ে থাকা অবস্থায় যুক্তরাষ্ট্রের সৈন্যদের অভিযানে প্রাণ হারিয়েছিলেন ওসামা বিন লাদেন, সেই বাড়িটি ভেঙে ফেলা হচ্ছে।
ইসলামাবাদের কাছের শহর অ্যাবোটাবাদের ওই বাড়ি ভেঙে ফেলার কথা ওই শহরের পুলিশের শীর্ষ পর্যায়ের এক কর্মকর্তা জানিয়েছেন।
করিম খান নামে ওই পুলিশ কর্মকর্তা বলেন, “বাড়িটি গুঁড়িয়ে দেওয়ার কাজ শনিবার শুরু হয়েছে। রাতের মধ্যে সীমানা প্রাচীর এবং বাড়ির ওপরের অংশ ভেঙে ফেলা হয়েছে।”
সামরিক শহর অ্যাবোটাবাদের ওই বাড়িটি ভেঙে ফেলার আগে বেসামরিক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। ধারণা করা হয়, স্ত্রী-সন্তানদের নিয়ে প্রায় ৫ বছর ওই বাড়িতে ছিলেন আল কায়দা নেতা।
বিশাল উঁচু প্রাচীরে ঘেরা ওই বাড়িটি কেন ভেঙে ফেলা হচ্ছে, সে বিষয়ে কিছু বলতে রাজি হননি ওই কর্মকর্তা।
বিন লাদেনকে হত্যার পর তার মৃতদেহ সাগরে ফেলে দেওয়া হয় বলে যুক্তরাষ্ট্র জানায়। আল কায়দার শীর্ষ নেতার সমাধি যেন তীর্থস্থল না হয়, সে জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়।
গত বছরের ২ মে যুক্তরাষ্ট্রের ছোট একটি সৈন্যদলের (নেভি সিল) অভিযানে গুলি করে হত্যা করা হয় আল কায়দার শীর্ষ নেতাকে, যাকে ১০ বছর ধরে খোঁজা হচ্ছিল।
পাকিস্তানের মাটিতে না জানিয়ে যুক্তরাষ্ট্রের এই অভিযানের পর ইসলামাবাদ-ওয়াশিংটন সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয়, যার রেশ এখনো কাটেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/০৯৪৫ ঘ.
bdnews24