২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ম্যান্ডেলার স্বাস্থ্য নিয়ে আশঙ্কার কিছু নেই’

দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী আন্দোলনের নেতা ও সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার স্বাস্থ্য নিয়ে আশঙ্কার কিছু নেই বলে জানিয়েছে দেশটির সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2012, 10:01 AM

Updated : 24 Aug 2022, 10:51 AM

জোহানেসবার্গ, ফেব্র“য়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী আন্দোলনের নেতা ও সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার স্বাস্থ্য নিয়ে আশঙ্কার কিছু নেই বলে জানিয়েছে দেশটির সরকার। প্রেসিডেন্ট জ্যাকব জুমা জানান, হাসপাতালে কিছু পরীক্ষা-নিরীক্ষার পর ৯৩ বছর বয়সী ম্যান্ডেলার শারীরিক অবস্থা ভালো। দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভোগায় শনিবার চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয় আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের (এএনসি) সাবেক এ নেতাকে। জুমা এক বিবৃতিতে বলেন, পেটের সমস্যার নিয়ে কিছু পরীক্ষা-নিরীক্ষা শেষে রোব বা সোমবার হাসপাতাল ছাড়বেন ম্যান্ডেলা। “তার পুরোপুরি জ্ঞান রয়েছে এবং তার শারীরিক অবস্থা নিয়ে চিকিৎসকরা সন্তুষ্ট।” প্রেসিডেন্ট জানান, ম্যান্ডেলার সমস্যা বার্ধক্যজনিত বলে চিকিৎসকরা মনে করেন। “হাসপাতালে ভর্তির আগে তিনি সুস্থ ছিলেন। তবে তার শারীরিক অবস্থার সার্বিক পরীক্ষা-নিরীক্ষা করতে চেয়েছিলেন তারা।” “তিনি কোনো ঝুঁকিতে না থাকায় আমরা খুশি এবং চিকিৎসকদের কঠোর পরিশ্রম ও পেশাগত দায়িত্ব পালনের জন্য তাদের ধন্যবাদ জানাই।” এর আগে ম্যান্ডেলার অন্ত্রে অস্ত্রোপচার হয়েছে বলে এক অসমর্থিত সূত্রের বরাত দিয়ে খবর ছড়িয়ে পড়লে তা ঠিক নয় বলে জানান দিতে টেলিভিশনে বক্তব্য দেন ক্ষমতসীন দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের এক মুখপাত্র। তিনি বলেন, “আতঙ্কিত হওয়ার কিছু নেই।” জরুরি কোনো পরিস্থিতিতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়নি বলে উল্লেখ করেন তিনি। আট বছর আগে রাজনীতি থেকে অবসর নেন দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী আন্দোলনের এ কিংবদন্তী। শেষবার ২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ফুটবল বিশ্বকাপের সমাপনী অনুষ্ঠানে জনসম্মুখে হাজির হন তিনি। ১৯৯৩ সালে শান্তিতে নোবেল বিজয়ী এ রাজনীতিক দক্ষিণ আফ্রিকায় মাদিবা নামে পরিচিত। বর্ণবাদবিরোধী আন্দোলনের জন্য ২৭ বছর কারাবন্দি ছিলেন ম্যান্ডেলা। ১৯৯০ সালে তিনি মুক্তি পান। মুক্তির পর ১৯৯৪ সালে দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট নির্বাচিত হন নেলসন ম্যান্ডেলা। তবে এক মেয়াদ শেষ হওয়ার পর ১৯৯৯ সালে ক্ষমতা থেকে সরে যান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএইচ/পিডি/০০৩৬ ঘ.