২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘পরমাণু কর্মসূচি বিস্তৃত করেছে ইরান’

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়ে উদ্বোগ প্রকাশ করেছে জাতিসংঘের সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক অ্যানার্জি এজেন্সি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2012, 05:31 AM

Updated : 24 Aug 2022, 10:51 AM

ভিয়েনা, ফেব্র“য়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরান পরিষ্কারভাবেই তাদের বিতর্কিত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ তৎপরতা বাড়িয়েছে। এতে করে মুসলিম এ দেশটি পারমাণবিক বোমা তৈরির পথে এগোচ্ছে বলে ইসরায়েলের যে আশঙ্কা রয়েছে সেটাই আরো বাড়বে। শুক্রবার জাতিসংঘের পরমাণু সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক অ্যানার্জি এজেন্সি (আইএইএ) এক প্রতিবেদনে একথা জানায়। ইরান বিষয়ে সদস্য রাষ্ট্রগুলোর কাছে প্রকাশিত ত্রৈমাসিক এ প্রতিবেদনে বলা হয়, “ইরানের পরমাণু কর্মসূচির সম্ভাব্য সামরিক মাত্রার বিষয়ে এ সংস্থা গভীর উদ্বেগ প্রকাশ অব্যাহত রেখেছে।” পশ্চিমা বিশ্বের সঙ্গে ইরানের দ্বন্দ্ব বাড়বে বলেও এতে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। বেসামরিক বা সামরিক- যে উদ্দেশ্যেই হোক ইরান তাদের পরমাণু কর্মসূচি বিস্তৃত করায় এটাই বোঝা যাচ্ছে যে, এ অঞ্চলে যুদ্ধ ছড়িয়ে পড়া নিয়ে দীর্ঘদিন ধরে পশ্চিমাদের সঙ্গে চলা বিতর্ককে সমর্থন করছে না তারা। প্রতিবেদনে বলা হয়, পারমাণবিক কর্মসূচি বিস্তৃত করার অংশ হিসেবে গত বছর থেকে ইরান সেন্ট্রিফিউজ মেশিনস এনরিচিং ইউরেনিয়াম (আনবিক বোমা তৈরিতে ব্যবহৃত উপকরণ)’র সংখ্যা বাড়িয়েছে। এছাড়া পরমাণু অস্ত্র তৈরির জন্য উচ্চমাত্রা ইউরেনিয়াম তৈরির সম্ভাব্য সময় কমাতে আরো কয়েক হাজার সেন্ট্রিফিউজ স্থাপনের প্রস্তুতিমূলক কাজ অব্যাহত রয়েছে। এছাড়া গত নভেম্বর মাস থেকে ইরান প্রতি মাসে তাদের ইউরেনিয়াম রিফাইন্ডের মাত্রা তিনগুণ বাড়িয়েছে বলেও এতে জানানো হয়। এক বিবৃতিতে হোয়াইট হাউস জানায়, ইরান যে পরমাণু সমৃদ্ধকরণ কর্মসূচি বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব লঙ্ঘণ করছে আইএইএ প্রতিবেদনে সেটা নিশ্চিত হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান ক্যাথরিন অ্যাস্টন জানান, আইএইএ প্রতিবেদন ইরানের পরমাণু কর্মসূচি চালানোর প্রকৃত উদ্দেশ্যের বিষয়ে উদ্বেগটাই আরো বাড়িয়েছে। এর আগে ইরানের পরমাণুক্ষেত্রগুলোতে ইসরায়েল হামলার হুমকি দিলেও সাম্প্রতিক এ প্রতিবেদন সম্পর্কে কোনো মন্তব্য করেনি তারা। এদিকে আইএইএ’তে থাকা ইরানের প্রতিনিধি আলি আসগর সোলতানিয়েহ’র বরাত দিয়ে আধা সরকারি সংবাদ সংস্থা ফারস জানায়, ইরানের পরমাণু কর্মসূচি যে এ সংস্থার তত্ত্বাবধানে রয়েছে তা এ প্রতিবেদনে ইঙ্গিত করা হয়েছে। আর তাই আবারো এটাই প্রমাণিত হয় যে, ইরানের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১১২১ ঘ.