কাবুল, ফেব্র“য়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তানে মার্কিন সামরিক ঘাঁটিতে কোরান পোড়ানোর ঘটনাকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া বিক্ষোভ শুক্রবার ৪র্থ দিনে গড়িয়েছে। রাজধানী কাবুলসহ অন্য কয়েকটি প্রদেশে সহিংসতায় নিহত হয়েছে ১২ জন।
কাবুলের বিক্ষোভস্থল থেকে পুলিশের ভাষ্য, শসস্ত্র বিক্ষোভকারীরা কয়েকটি দোকানে আশ্রয় নেয়। সেখানে সহিংসতায় এক বিক্ষোভকারী নিহত হয়েছে। কাবুলে আরেকটি মিছিলে গুলিতে নিহত হয় আরেক বিক্ষোভকারী। গুলি কে বা কারা ছুড়েছে তা জানাতে পারেনি পুলিশ।
এছাড়া, পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশে ৭ জন বিক্ষোভকারী নিহত এবং ৫০ জন আহত হয়েছে। পূর্বাঞ্চলীয় খোস্ত প্রদেশে নিহত হয়েছে আরো ২ জন এবং উত্তরাঞ্চলীয় বাঘলান প্রদেশে নিহত হয়েছে আরো একজন। স্বাস্থ্য ও স্থানীয় কর্মকর্তারা একথা জানিয়েছেন।
এর আগে চলমান বিক্ষোভে আরো কয়েকজনের জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
শুক্রবার শ’ শ’ বিক্ষোভকারী মিছিল নিয়ে প্রেসিডেন্ট ভবন অভিমুখে পদযাত্রা করে। কাবুলে জুম্মার নামাজ শেষে মসজিদ থেকে বেরিয়ে “আমেরিকা নিপাত যাক”, “ইসলাম দীর্ঘজীবী হোক” শ্লোগান দিয়ে মিছিল করে বিক্ষোভকারীরা।
বিক্ষোভ সামাল দিতে রাজধানী কাবুল ও অন্যান্য শহরে মোতায়েন করা হয় দাঙ্গা পুলিশ ও সেনা। বিক্ষোভকারীরা পুলিশের দিকে পাথর ছুড়ে মারলে তাদের ছত্রভঙ্গ করতে ফাঁকা গুলি ছোড়ে পুলিশ। এতে এক বিক্ষোভকারী আহত হয়।
ওদিকে, হেরাত প্রদেশে প্রায় ৫ শ বিক্ষোভকারী মার্কিন কনস্যুলেটে চড়াও হয়ে পুলিশের গাড়ি পোড়ায় এবং ভাঙচুর চালায়। এতে কয়েকজন কর্মকর্তা আহত হয়েছে বলে জানিয়েছে নিরাপত্তা বাহিনী।
আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় শহর জালালাবাদ ও সংঘাতপূর্ণ দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর গজনিতেও প্রায় ৭শ’ বিক্ষোভকারী “আমরা কোরান রক্ষা করব” শ্লে¬াগান দিয়ে বিক্ষোভ করেছে।
বিক্ষুব্ধ এ পরিস্থিতিতে সর্বশেষ নিহতের ঘটনায় আফগানিস্তানে ৪ দিনে ২ মার্কিন সেনাসহ মৃতের সংখ্যা দাঁড়িয়েছে অন্তত ২০ জনে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা কোরান পোড়ানোর ঘটনায় ক্ষমা চেয়ে আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের কাছে যে চিঠি পাঠানোর পরও পরিস্থিতি শান্ত হয়নি। দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে বিক্ষুব্ধ আফগানরা।
রাষ্ট্রীয় বেতারে সরাসরি স¤প্রচারিত এক বক্তৃতায় ইরানি ধর্মযাজক আহমেদ খাতামি বলেছেন, “এ ক্ষমা প্রার্থনা ভুয়া। বিশ্ব জানবে যে, আমেরিকা ইসলাম বিরোধী।”
তিনি আরো বলেন, “এটি ভুল নয়, ইচ্ছাকৃত।”
এর আগে বিক্ষোভের দ্বিতীয় দিনে বুধবার কয়েকটি শহরে গুলিতে অন্তত চারজন নিহত ও বেশ কয়েকজন জন আহত হয়।
মঙ্গলবার কাবুলের উত্তরে বাঘরাম বিমান ঘাঁটির ভেতরে কোরান পোড়ানোর খবর ছড়িয়ে পড়ে। শ্রমিকরা ঘাঁটির বাইরে আবর্জনা পরিস্কার করার সময় পোড়া কোরআনের অবশিষ্টাংশ পেয়েছে বলেও জানা যায়।
এ খবর ছড়িয়ে পড়ার পর থেকেই লাগাতার বিক্ষোভ চলছে আফগানিস্তানে এবং ক্রমেই তা অন্যান্য শহরে ছড়িয়ে পড়ে আরো ব্যাপক আকার ধারণ করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২০২৩ঘ.
bdnews24