২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আসাদ আর বেশিদিন ক্ষমতায় নেই : হিলারি

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন না জানিয়ে বিষয়টি নিয়ে বাজি ধরতে চেয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। সিরিয়ার সরকারবিরোধীরা শেষ পর্যন্ত সশস্ত্র বিদ্রোহ শুরু করবে বলেও তিনি ধারণা করছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2012, 06:57 AM

Updated : 24 Aug 2022, 10:51 AM

লন্ডন, ফেব্র“য়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন না জানিয়ে বিষয়টি নিয়ে বাজি ধরতে চেয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। সিরিয়ার সরকারবিরোধীরা শেষ পর্যন্ত সশস্ত্র বিদ্রোহ শুরু করবে বলেও তিনি ধারণা করছেন। বৃস্পতিবার লন্ডনে এক সংবাদ সম্মেলনে হিলারি এসব কথা বলেন। “সিরিয়ার সরকার ও তার মিত্ররা সমস্যা সমাধানে যে নির্দয় কৌশল অবলম্বন করেছে তা দীর্ঘদিন ধরে চলতে পারে না। সেখানে বিরোধীরা ক্রমাগত শক্তি সঞ্চয় করবে। তারা যে কোনভাবে নিজেদের রক্ষার জন্য অস্ত্র সংগ্রহ করে সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলবে,” বলেন হিলারি। “এটা আমার কাছে পরিষ্কার, দমনপীড়নের এই ধারাবাহিকতায় ছেদ একদিন পড়বেই। বিরোধীরা ঘুরে দাঁড়াবে। দ্রুতই এটি ঘটবে বলে আমি আশা করছি। কারণ এতে অনেক জীবন রক্ষা পাবে। দেরি হলে আরো বেশি মানুষ প্রাণ হারাবে। তবে দ্রুতই যে পরিস্থিতি পাল্টে যাবে এ ব্যাপারে আমি নিশ্চিত,” বলেন তিনি। “গত শতাব্দীর ৮০’র দশকের শুরুতে আসাদের বাবা বিরোধীদের দমনে যে ভয়াবহ দমনপীড়ন চালিয়েছিলেন, তখন বর্তমান সময়ের মতো ইন্টারনেট ছিল না, টুইটার ছিল না, সামাজিক যোগাযোগের কোনো মাধ্যম ছিল না। তখন কোনো স্যাটেলাইট চ্যানেলও ছিল না। সেখানে কোনো প্রত্যক্ষদর্শীও ছিল না,” বলেন তিনি। কিন্তু এখন একই ধরনে দমনপীড়ন আর বিচ্ছিন্নভাবে করা সম্ভব নয় জানিয়ে তিনি বলেন, তিনি মনে করেন এ পরিস্থিতি আসাদ বেশিদিন চালিয়ে যেতে পারবেন না এবং এ বিষয়ে তিনি বাজি ধরতে রাজি। শুক্রবার তিউনিসিয়ার রাজধানী তুনিসে সিরিয়ার সমস্যা নিয়ে পশ্চিমা ও আরব জাতিগুলোর বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকটি ‘সিরিয়ার বন্ধুদের বৈঠক” নামে পরিচিতি। ওই বৈঠকের ঠিক আগে হিলারি এসব কথা বললেন। তুনিসের ওই বৈঠকে পশ্চিমা ও আরব শক্তিগুলোসহ ৭০টি রাষ্ট্র ও আন্তর্জাতিক গোষ্ঠী যোগ দেবে বলে ধারণা করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১২৫২ ঘ.