জাতিসংঘ, ফেব্র“য়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানকে সিরিয়া সংকট বিষয়ক জাতিসংঘ-আরব লিগের যৌথ বিশেষ প্রতিনিধি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
বৃহস্পতিবার জাতিসংঘ মহাসচিব বান কি মুন ও আরব লিগের প্রধান নাবিল এলরাবি এ নিয়োগ দেন বলে জাতিসংঘ এক বিবৃতিতে জানায়।
এতে বলা হয়, সব ধরনের সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘন বন্ধে এবং সিরিয়ার সংকট সমাধানে আনান পরামর্শ দেবেন এবং দেশের ভিতর ও বাইরে সব ধরনের সংলাপে অংশ নেবেন। আর জাতিসংঘের সাধারণ পরিষদে গত সপ্তাহে উত্থাপিত খসড়া প্রস্তাব অনুযায়ী কাজ করবেন তিনি।
আরব লিগের পরিকল্পনার অংশ হিসেবে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে পদত্যাগে বাধ্য করা ও সিরিয়ার বিষয়ে লিগের অন্যান্য সিদ্ধান্ত বাস্তবায়নের কথাই বলা হয়েছে খসড়া এ প্রস্তাবে।
বিবৃতিতে আরো বলা হয়, সিরিয়ার জনগণের ইচ্ছা অনুযায়ী সরকার ও বিরোধী দলের মধ্যে সংলাপের মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানের পথ সহজ করবেন তিনি।
কফি আনান ১৯৯৭-২০০৬ সাল পর্যন্ত জাতিসংঘ মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন। অবসর গ্রহণের পর কেনিয়ার সহিংসতা বন্ধেও কাজ করেন তিনি।
জাতিসংঘের দাবি অনুযায়ী সিরিয়ায় প্রায় ১১ মাস ধরে চলা সরকারবিরোধী আন্দোলনে এ পর্যন্ত ৫ হাজার ৪শ’ মানুষ নিহত হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১০৫১ ঘ.
bdnews24