ওয়াশিংটন, ফেব্র“য়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তানের মার্কিন সামরিক ঘাঁটিতে কোরান পোড়ানোর ঘটনায় ক্ষমা চেয়ে দেশটির প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের কাছে চিঠি পাঠিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।
মঙ্গলবার আফগানিস্তানে ন্যাটো বাহিনীর বাগরাম বিমান ঘাঁটিতে কোরান পোড়ানোর খবর ছড়িয়ে পড়ার পর থেকে দেশটিতে বিক্ষোভ চলছে।
কারজাইয়ের কাছে পাঠানো চিঠিতে ওবামা ইচ্ছাকৃতভাবে কোরান পোড়ানো হয়নি উল্লেখ করে এ ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন বলে জানিয়েছে হোয়াইট হাউজ।
আফগানিস্তানে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রায়ান ক্রোকারের হাত দিয়ে কারজাইয়ের কাছে চিঠিটি পৌঁছানো হয়।
হোয়াইট হাউজ জানায়, এ সপ্তাহের শুরুতে ওয়াশিংটন ও কাবুলের মধ্যে “দীর্ঘ-মেয়াদী অংশীদারিত্ব” নিয়ে ওবামা ও কারজাইয়ের ফোনালাপের পরিপ্রেক্ষিতে এ চিঠি পাঠানো হয়েছে।
হোয়াইট হাউজের মুখপাত্র টমি ভিয়েটর বলেন, “চিঠিতে... বাগরাম বিমান ঘাঁটিতে ধর্মীয় জিনিসের অনিচ্ছাকৃত অবমাননা হওয়ায় প্রেসিডেন্ট এ ব্যাপারে অনুতাপ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন।”
ওদিকে, কোরান পোড়ানোর ঘটনার জবাবে আফগানদের প্রতি বিদেশি সেনা ঘাঁটিতে হামলা ও পশ্চিমাদের হত্যার আহ্বান জানিয়েছে তালেবানরা।
এ আহ্বানের পর বৃহস্পতিবার দেশটির পূর্বাঞ্চলে আফগান সেনার পোশাক পরিহিত এক ব্যক্তি ন্যাটো বাহিনীর দুই সেনাকে গুলি করে হত্যা করেছে।
তবে বিক্ষোভের সঙ্গে এ হত্যাকাণ্ডের কোন যোগ আছে কিনা তা বলতে অস্বীকৃতি জানিয়েছে তারা।
আফগানিস্তানজুড়ে পশ্চিমাবিরোধী রোষ ঠেকাতে ঘটনার পরপরই এ ঘটনায় আন্তরিকভাবে ক্ষমা চেয়েছেন আন্তর্জাতিক নিরাপত্তা সহায়তা বাহিনীর (আইএসএএফ) প্রধান জেনারেল জন অ্যালেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২২২৬ঘ.
bdnews24