ঢাকা, ফেব্র“য়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড লেবার পার্টির নেতৃত্ব নির্বাচনের জন্য ভোটাভুটির ঘোষণা দিয়েছেন। মূলত পার্টির অভ্যন্তরে কেভিন রুডের সাথে তিক্ততার কারণেই তিনি এই পদক্ষেপ নিচ্ছেন বলে মনে করা হচ্ছে।
গিলার্ড জানান, নির্বাচনে জয়ী না হলে তিনি ‘পেছনের সারিতে’ চলে যাবেন এবং ভবিষ্যতে নেতৃত্বের পথ থেকে সরে দাঁড়াবেন। পররাষ্ট্রমন্ত্রী কেভিন রুডের প্রতিও একই আহ্বান জানিয়েছেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে কেভিন রুড পদত্যাগের ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই গিলার্ড এ উদ্যোগ নিলেন বলে বিবিসি জানায়।
২০১০ সালে আস্থাভোটে কেভিন রুডকে হারিয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত হন জুলিয়া গিলার্ড।
বর্তমানে তাদের দু’জনের সম্পর্কের মধ্যে তিক্ততার সৃষ্টি হয়েছে।
সাংবাদিকদের জুলিয়া বলেন, “এ প্রশ্নের সমাধানের জন্য নেতৃত্ব প্রয়োজন আমাদের। অস্ট্রেলিয়ার লোকজন এ বিষয়ে অসুস্থ হয়ে পড়েছে।”
রুডেরও প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনার কথা উল্লেখ করে দলীয় নেতৃত্বের লক্ষ্যে প্রার্থী হিসেবে এবং ২০১৩ সালের নির্বাচন, উভয় নির্বাচনেই জয়ী হওয়ার আশা প্রকাশ করেন গিলার্ড।
প্রধানমন্ত্রী বলেন, “নির্বাচনে জয়ের বিষয়ে এবং এরপর দেশের জনগণের জন্য ভালো সরকার গঠন করতে পারার বিষয়ে আমি আশাবাদী।”
এদিকে মঙ্গলবার রাতে ওয়াশিংটন ডিসিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অপ্রত্যাশিতভাবে পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন কেভিন রুড।
বুধবার ব্রিসবেনের উদ্দেশ্যে রওয়ানা হওয়ার আগে সাংবাদিকদের তিনি বলেন, ২০১৩ সালের নির্বাচনে জুলিয়া হয়ত লেবার পার্টির জয়ের নেতৃত্ব দিতে সক্ষম হবেন না।
এ বিষয়ে নিশ্চিত করে কিছু না বললেও ব্রিসবেনে পৌঁছানোর পর শুক্রবার এক বিবৃতি প্রদানের আশ্বাস দিয়েছেন তিনি।
তিনি জানান, পদত্যাগের ঘোষণা দেওয়ার পর কয়েকজন সহকর্মীর সঙ্গে কথা বলেছেন তিনি এবং এরপর ‘উৎসাহ ও সমর্থন’ পেয়ে তিনি খুশী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১৩২৯ ঘ.
bdnews24