ঢাকা, ফেব্রুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যবসায়ীকে মারধরের অভিযোগে বলিউডের জনপ্রিয় অভিনেতা সাইফ আলী খানকে গ্রেপ্তার করেছে পুলিশ। অবশ্য গ্রেপ্তারের কিছুক্ষণের মধ্যেই তিনি জামিনে বেরিয়ে আসেন।
ভারতের টেলিভিশন এনডিটিভি জানিয়েছে, দক্ষিণ মুম্বাইয়ের নারিমন পয়েন্টে সাইফের আইনজীবীর চেম্বার থেকে বুধবার রাত সাড়ে ৮টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে নিয়ে যাওয়া হয় কোলাবা থানায়।
ভারতীয় বংশোদ্ভূত দক্ষিণ আফ্রিকার ব্যবসায়ী ইকবাল শর্মার মামলায় গ্রেপ্তার হলেও খুব অল্প সময়ের ব্যবধানে তিন হাজার মুচলেকায় জামিনে বেরিয়ে আসেন সাইফ।
মামলায় অভিযোগ করা হয়, মঙ্গলবার রাতে মুম্বাইয়ের তাজ হোটেলে ইকবাল শর্মাকে মারধর করেন সাইফ। মামলায় তার বিরুদ্ধে দণ্ডবিধির ৩২৫ ধারায় অভিযোগ আনা হয়।
মুম্বাই পুলিশ জানিয়েছে, মারামারির সময় সাইফের প্রেমিকা অভিনেত্রী কারিনা কাপুর ছাড়াও বোন কারিশমা কাপুর ও অভিনেত্রী অমৃতা রাও সাইফের সঙ্গে ছিলেন।
সাংবাদিকদের ইকবাল জানান, তিনি সাইফকে একটু আস্তে কথা বলতে অনুরোধ করেছিলেন।
“সেখানে খুব হৈ চৈ হচ্ছিলো। আমি তাদের একটু আস্তে কথা বলতে অনুরোধ করার জন্য রেস্তোরাঁর ব্যবস্থাপককে বলি। অন্তত তিনবার বলার পরও কাজে না আসায় আমরা নিচে যাওয়ার সিদ্ধান্ত নিই। আমরা যখন নিচে নামছিলাম, তখন সাইফ এসে আমার নাম ধরে ডাক দেয় এবং বলে আমরা কেন অভিযোগ করেছি। সে চিৎকার করে বলতে থাকে- এটা কোনো পাঠাগার নয়। তখন আমাদের মধ্যে কিছু কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সে আমাকে ঘুষি মারে”, যোগ করেন তিনি।
অবশ্য সাইফের ঘনিষ্ঠ সূত্র জানায়, ওই ব্যবসায়ীই সাইফকে উত্তেজিত করেছিলো। শুধু তাই নয় সাইফের সঙ্গে থাকা নারীদের সঙ্গেও ইকবাল খারাপ আচরণ করে। হাত তোলার ক্ষেত্রেও ইকবালই এগিয়ে ছিলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এএল/২২০৯ ঘ.
bdnews24