২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাজ্যে সদরদপ্তর করার ইচ্ছা ছিল হিটলারের

দ্বিতীয় বিশ্ব যুদ্ধের সময় যুক্তরাজ্যে সদরদপ্তর তৈরি করতে চেয়েছিলেন জার্মানির স্বৈরশাসক অ্যাডলফ হিটলার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2012, 04:37 PM

Updated : 24 Aug 2022, 10:49 AM

ঢাকা, ফেব্রুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দ্বিতীয় বিশ্ব যুদ্ধের সময় যুক্তরাজ্যে সদরদপ্তর তৈরি করতে চেয়েছিলেন জার্মানির স্বৈরশাসক অ্যাডলফ হিটলার। ইতিহাসবিদদের বরাত দিয়ে সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে এ কথা বলে ব্রিটিশ দৈনিক দ্য ডেইলি মেইল। ইতিহাসবিদরা মনে করেন, যুক্তরাজ্যে নাৎসি বাহিনীর অভিযান সফল হলে মিডল্যান্ডসে নিজের সদরদপ্তর করার পরিকল্পনা ছিল হিটলারের। তাদের মতে, হিটলার মূলত ‘টপ সিক্রেট’ পরিকল্পনা এঁটেছিলেন মিডল্যান্ডসের শ্রোপশায়ারের নর্টনের কাছের অ্যাপলে হলকে তার দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন কার্যক্রমের সদরদপ্তর করার। ওই বাড়িটি ছিলো মেজর এ ডব্লিউ ফস্টারের। বোয়র যুদ্ধ ও প্রথম বিশ্ব যুদ্ধে বীরত্বের জন্য তিনি খ্যাতিম্যান ছিলেন। যুদ্ধে একটি পা হারিয়েছিলেন তিনি। এ এলাকাটি পর্যটননগরী ব্রিজনর্থের সাত মাইল দূরবর্তী এবং ভৌগলিকভাবে ইংল্যান্ডের মধ্যভাগ হওয়ায় এবং কাছাকাছি একটি বিমান ঘাঁটি থাকায় নিজের কার্যক্রম চালানোর জন্য এ জায়গাটি নাৎসি স্বৈরশাসক বেছে নেন বলে মনে করেন ইতিহাসবিদরা। রিচার্ড ওয়েস্টউড ব্র“কস নামের এক ইতিহাসবিদ বলেন, “ব্রিজনর্থ ও এর আশপাশের এলাকা নিয়ে গবেষণায় ইঙ্গিত পাওয়া যায় যে, কোনো কারণে এ শহরটিকে খুব গুরুত্বপূর্ণ মনে করেছিল নাৎসিরা।” “এটা একটু অদ্ভূত মনে হতে পারে, নথিগুলোতে ‘টপ সিক্রেট’ নামে একটি বিষয় ছিল যাতে একটি স্থানের কথা বলা হয় যেখানে অভিযানের সময় হিটলার তার ঘাঁটি বানাতে চেয়েছিলেন।” দ্বিতীয় বিশ্ব যুদ্ধ শেষে বেলজিয়ামের একটি বাঙ্কার থেকে উদ্ধার হওয়া ১৯৪০-এর দশকের একগুচ্ছ নথি ঘেঁটে এ সিদ্ধান্তে এসেছেন তারা। সেখানে মিডল্যান্ডসের ব্রিজনর্থ ও অন্য কয়েকটি শহরের রেল স্টেশন, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রসহ জার্মানিদের হামলার লক্ষ্যস্থলের মানচিত্র ছিল। ১৯৩৯ সালে শুরু হওয়া দ্বিতীয় বিশ্ব যুদ্ধ প্রায় ছয় বছর স্থায়ী হয়েছিল। ওই বছরের ১ সেপ্টেম্বর পোল্যান্ডে হিটলারের নেতৃত্বাধীন জার্মানির হামলার পর জার্মানির বিরুদ্ধে ফ্রান্সের যুদ্ধ ঘোষণার মধ্য দিয়ে এ বিশ্ব যুদ্ধের সূচনা। এতে পরে ব্রিটিশ সাম্রাজ্যের অধীন দেশগুলোসহ বিশ্বের অনেক দেশ জড়িয়ে পড়ে। ১৯৪৫ সালের এপ্রিল থেকে মিত্রবাহিনীর কাছে আত্মসমপর্ণ শুরু করে বিভিন্ন দেশে অবস্থান করতে থাকা জার্মান সেনারা। ওই বছরের ১৫ অগাস্ট জার্মানির মিত্র জাপানের আত্মসমপর্ণ এবং একই বছরের ২ সেপ্টেম্বর আত্মসমপর্ণ দলিল স্বাক্ষরের মধ্য দিয়ে শেষ হয় ছয় বছরের দ্বিতীয় বিশ্ব যুদ্ধ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/পিডি/২২৩৩ ঘ.