তেহরান, ফেব্র“য়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-ইরানের বিতর্কিত পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা করতে জাতিসংঘের একটি পরিদর্শকদল সোমবার তেহরানে পৌঁছেছে।
ইউরোপীয় ইউনিয়নের তেল নিষেধাজ্ঞার বদলা নিতে ইরান ব্রিটিশ ও ফরাসি কোম্পানিগুলোর কাছে তেল বিক্রি বন্ধ করার পরদিন দেশটিতে গেল জাতিসংঘ দল।
জাতিসংঘ আণবিক শক্তি সংস্থা (আইএইএ)’র পাঁচ সদস্য ইরানের সঙ্গে দুইদিন ব্যাপী আলোচনায় অংশ নেবে। তবে আলোচনা থেকে বড় কিছু অর্জন হবে না বলেই মনে করছে পশ্চিমা বিশ্বের কূটনীতিকরা।
ভিয়েনায় এক প্রতিনিধি বলেন, “পরমাণু বিষয়ক আলোচনায় ইরান প্রয়োজনীয় সহায়তা করবে এ বিষয়ে আমি এখনও সন্দিহান।”
তারপরও এ সপ্তাহের এ আলোচনার দিকে নজর থাকবে সবার। আলোচনার ফলে পরমাণু বিষয়ক অচলাবস্থা আরো ঘনীভূত হবে নাকি উদ্বেগ কমার কোনো উপায় বের হবে সেটাই দেখার বিষয়।
চলতি বছর ১ জুলাই ইরান থেকে তেল আমদানির ওপর ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা কার্যকরের সিদ্ধান্ত দেশটিকে ক্ষুব্ধ করেছে। এ সিদ্ধান্তর কারণে হরমুজ প্রণালী বন্ধ করে দেয়ার হুমকিও দিয়েছে ইরান।
তবে রোববার আরো এক ধাপ এগিয়ে ব্রিটিশ ও ফরাসি কোম্পানিগুলোর কাছে তেল বিক্রি বন্ধের ঘোষণা দিয়েছে ইরানের তেল মন্ত্রণালয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৭০৫ঘ.
bdnews24